
চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি: চন্দনাইশ উপজেলা ভূমি অফিসের জারিকারক মোঃ মামুনুর রশিদের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে ক্ষমতার অপব্যবহার, ঘুষ–বাণিজ্য ও বিভিন্ন ধরনের দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগ উঠেছে। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) নিকট লিখিত অভিযোগ দিয়ে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের আবেদন করেছেন ভুক্তভোগী নাগরিকরা।
অভিযোগে বলা হয়, গত ৫ বছর ধরে ওই কর্মকর্তা একাধিক দায়িত্বে থেকে সেবা গ্রহীতাদের হয়রানি, দালালচক্রের মাধ্যমে ঘুষ আদায় এবং নানা অনিয়মকে পুঁজি করে ভূমি অফিসকে দুর্নীতির অভয়ারণ্য হিসেবে গড়ে তুলেছেন। অফিসে কোন কাজ করতে গেলেই সাধারণ মানুষকে বিপাকে পড়তে হয়। অভিযোগে আরও উল্লেখ করা হয়, মামুনুর রশিদ বিভিন্ন ধরনের দলিল, নামজারি, খতিয়ান উত্তোলন, পর্চা বিতরণসহ প্রায় সকল কাজে টাকার বিনিময় ছাড়া কোনও কাজ সম্পন্ন করেন না। এতে ভূমি সংক্রান্ত কাজে সাধারণ জনগণ ব্যাপক ভোগান্তির শিকার হচ্ছেন।
ভুক্তভোগীরা জানান, কাজের বিনিময়ে অতিরিক্ত টাকা দাবি করা, দালালচক্র সক্রিয় রাখা, প্রয়োজনীয় নথিপত্র ইচ্ছাকৃতভাবে বিলম্বিত করা এবং সরকারি সেবাকে পুঁজিবাজারে রূপান্তর করার মতো কর্মকাণ্ড দীর্ঘদিন ধরে চালিয়ে আসছেন তিনি। এসব অনিয়ম-দুর্নীতির কারণে সরকারি প্রশাসনের ভাবমূর্তি নষ্ট হচ্ছে এবং সেবা গ্রহণে বাধাগ্রস্ত হচ্ছেন সাধারণ মানুষ। লিখিত আবেদনে দ্রুত তদন্তপূর্বক ওই কর্মকর্তাকে অপসারণ করে একজন সৎ, যোগ্য ও নীতিনিষ্ঠ কর্মকর্তাকে ভূমি অফিসে নিয়োগ দেওয়ার দাবি জানানো হয়েছে। পাশাপাশি দুর্নীতিমুক্ত সেবা নিশ্চিত করতে কঠোর ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান অভিযোগকারীরা।
স্থানীয় জনগণের দাবি—সরকারি সেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছাতে হলে এমন কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ এখন জরুরি। উপজেলা নির্বাহী অফিসার রাজীব হোসেন অভিযোগ পাওয়ার কথা স্বীকার করে বলেছেন অভিযোগটি সহকারী কমিশনার ভূমি বরাবর ফরওয়ার্ড করেছি। তদন্ত শেষে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল