হোম » সারাদেশ » বিএনপি নেতা পাপ্পু সরকারের নাম ভাঙ্গিয়ে একাধিক ব্যক্তির কাছে চাঁদা দাবি। থানায় জিডি 

বিএনপি নেতা পাপ্পু সরকারের নাম ভাঙ্গিয়ে একাধিক ব্যক্তির কাছে চাঁদা দাবি। থানায় জিডি 

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি:গাজীপুর মহানগর বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও গাজীপুর-৬ আসনের বিএনপির থেকে এমপি মনোনয়ন প্রত্যাশী রাকিব উদ্দীন সরকার পাপ্পুর নাম ভাঙ্গিয়ে মোবাইল ফোনে থানার ওসিসহ একাধিক ব্যক্তির কাছে চাঁদা দাবির অভিযোগে গতকাল মঙ্গলবার বিকেলে টঙ্গী পশ্চিম থানায় রাকিব উদ্দিন সরকার পাপ্পু বাদী হয়ে একটি সাধারণ ডায়রী (জিডি) করেছেন।
পাপ্পু সরকার জিডিতে উল্লেখ করেন, সম্প্রতি ০১৮৫১৫২২৯২২৪ নম্বর মোবাইল থেকে জনৈক ব্যক্তি কারাগার থেকে আসামি বের করার জন্য পাপ্পু সরকারের নাম ভাঙ্গিয়ে চাঁদা দাবি করা হয়। যাদের কাছে চাঁদা দাবি করা হয়েছে তাদের মধ্যে টঙ্গী পশ্চিম থানা সাবেক এক ওসি, ঢাকার বিএনপি নেতা ও পাপ্পু সরকারের নিকট আত্মীয় রয়েছেন। এ সংক্রান্ত তথ্য জানার পর বিএনপি নেতা পাপ্পু সরকার থানায় জিডি করেন।
এ বিষয়ে বিএনপি নেতা রাকিব উদ্দিন সরকার পাপ্পু বলেন, আমার রাজনৈতিক জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে একটি কুচক্রী মহল এর আগেও আমার বিরুদ্ধে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করে দলের কাছে আমার ভাবমূর্তি ক্ষুন্ন করেছে। সম্প্রতি দল থেকে আমার বহিষ্কারাদেশ প্রত্যাহার হওয়ার পর আমি গাজীপুর-৬ আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী হিসেবে দলীয় কর্মকাণ্ড করে যাচ্ছি। ঠিক তখনিই আমার ভাবমূর্তি ক্ষুন্ন করার লক্ষ্যে পুনরায় এই ধরনের কাজ করে যাচ্ছে একটি কুচক্রীমহল।
তিনি বলেন, এ ব্যাপারে আমি থানায় জিডি করেছি। আশা করি দোষীরা চিহ্নিত হয়ে আইনের আওতায় আসবে। এ ব্যাপারে টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ হারুন-অর-রশিদ বলেন, বিএনপি নেতা পাপ্পু সরকার বাদী হয়ে থানায় একটি জিডি করেছেন। আমরা তদন্তপূর্বক প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ গ্রহণের লক্ষ্যে কাজ করছি।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!