
রায়হান শেখ, মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি: বাগেরহাটের মোল্লাহাটে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে ‘তারুণ্যের ভাবনায় নতুন বাংলাদেশ’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩ ডিসেম্বর) সকাল ১১টায় উপজেলা মিলনায়তন কক্ষে এ কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার শ্যামানন্দ কুন্ডু।
অনুষ্ঠানে খলিলুর রহমান ডিগ্রি কলেজের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। বক্তৃতা ও মুক্ত আলোচনার মাধ্যমে তরুণরা দেশের উন্নয়ন, সামাজিক দায়বদ্ধতা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে নিজেদের ভাবনা তুলে ধরেন।কর্মশালায় তরুণদের আত্মউন্নয়ন, মাদকমুক্ত সমাজ গঠন, বেকারত্ব দূরীকরণ ও ইতিবাচক সামাজিক পরিবর্তনের ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়। বক্তারা বলেন, তরুণদের সক্রিয় অংশগ্রহণ ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়। দেশ গঠনে তাদের চিন্তা ও সৃজনশীল উদ্যোগকে মূল্যায়ন করতে হবে।
উপজেলা নির্বাহী অফিসার শ্যামানন্দ কুন্ডু বলেন, তরুণ সমাজই আমাদের ভবিষ্যৎ শক্তি। তাদের সৃজনশীলতা ও উদ্যম দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। সমাজের বিভিন্ন ক্ষেত্রে নিজেদের সক্ষমতা কাজে লাগাতে তরুণদের এগিয়ে আসতে হবে।
তিনি আরও বলেন, নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে তরুণদের মাঝে সচেতনতা সৃষ্টি অত্যন্ত জরুরি। স্বপ্নের বাংলাদেশ বাস্তবায়নে তরুণরাই অগ্রণী ভূমিকা পালন করবে।
কর্মশালার মাধ্যমে মোল্লাহাটের তরুণেরা তাদের দক্ষতা ও সৃজনশীলতা কাজে লাগিয়ে দেশ গঠনের অঙ্গীকার ব্যক্ত করেন, যা স্থানীয়ভাবে একটি ইতিবাচক পরিবর্তনের আশা জাগিয়েছে।

আরও পড়ুন
নওগাঁয় সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত পরিবারে আর্থিক সহযোগিতা প্রদান
দশ মাসের আত্মগোপনের অবসান: র্যাবের অভিযানে ধরা মমিনুল হত্যা মামলার আসামি
চিলাহাটি রেলস্টেশনে দুই শিশু সন্তানসহ মায়ের আত্মহত্যার চেষ্টা