
মোঃ আরিফুল ইসলাম, নাচোল, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ “চলো জি ভাই, হাঁরঘে পদ্মা বাঁচাই” এই শ্লোগানকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জের নাচোলে পদ্মা নদীর ন্যায্য পানি বণ্টনের দাবিতে এক বিশাল গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। নাচোল উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে বৃহস্পতিবার (৬ নভেম্বর) বিকাল সাড়ে ৩টার দিকে নাচোল ডাকবাংলো চত্বরে অনুষ্ঠিত এই সমাবেশে হাজারো মানুষের ঢল নামে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৪৪ চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি দলীয় মনোনীত এমপি প্রার্থী, (সাবেক) এমপি ও মাননীয় চেয়ারপার্সনের উপদেষ্টা পরিষদের সদস্য আলহাজ্ব আমিনুল ইসলাম। তিনি বলেন, “এই আন্দোলন দলীয় নয়, এটি জনগণের জীবনের লড়াই। পদ্মা রক্ষা মানে আমাদের ভবিষ্যৎ রক্ষা। কৃষক, শ্রমিক ও সাধারণ মানুষের স্বার্থে ন্যায্য পানি বণ্টনের দাবিতে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে জনমত তৈরি করতে হবে। জনগণ ঐক্যবদ্ধ থাকলে পদ্মা আবারও প্রাণ ফিরে পাবে।”
প্রধান অতিথির বক্তব্য রাখেন ৪৫ চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি দলীয় মনোনীত এমপি প্রার্থী, (সাবেক) এমপি ও মাননীয় চেয়ারপার্সনের উপদেষ্টা পরিষদের সদস্য হারুন অর রশিদ।
তিনি বলেন, “পদ্মা নদী কেবল একটি নদী নয়, এটি আমাদের জীবন রেখা। এই নদীর পানি বন্ধ হয়ে গেলে উত্তরবঙ্গের কৃষি, অর্থনীতি ও পরিবেশ ধ্বংসের মুখে পড়বে। তাই পদ্মার ন্যায্য পানি বণ্টনের দাবিতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। জনগণের অধিকার রক্ষায় আমরা মাঠে আছি, থাকবো।” প্রধান বক্তার বক্তব্য রাখেন ৪৩ চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি দলীয় মনোনীত এমপি প্রার্থী, (সাবেক) এমপি ও মাননীয় চেয়ারপার্সনের উপদেষ্টা পরিষদের সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব অধ্যাপক শাহজাহান মিঞা।
তিনি বলেন, “পদ্মা আমাদের মায়ের মতো। এই নদী বাঁচলে কৃষক বাঁচবে, দেশ বাঁচবে। একতরফা পানি বণ্টন এবং সরকারের উদাসীন নীতির কারণে পদ্মা আজ মরণাপন্ন অবস্থায়। আমাদের এই আন্দোলন শান্তিপূর্ণ কিন্তু দৃঢ়—ন্যায্য অধিকার আদায় না হওয়া পর্যন্ত আমরা রাজপথে থাকবো।” সমাবেশে অন্যান্যে বক্তারা সরকারের প্রতি জোর দাবি জানান—অবিলম্বে পদ্মা নদীর ন্যায্য পানি বণ্টনের ব্যবস্থা গ্রহণ ও নদী রক্ষায় কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য। শেষে “চলো জি ভাই, হাঁরঘে পদ্মা বাঁচাই” শ্লোগানে শ্লোগানে পুরো প্রাঙ্গণ মুখরিত হয়ে ওঠে, আর পদ্মা রক্ষার অঙ্গীকারে ঐক্যবদ্ধ হয় নাচোলবাসী।
এসময় জেলা এবং বিভিন্ন উপজেলা বিএনপি দলের সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নাচোল উপজেলা যুবদলের সভাপতি প্রভাষক আসিক মাহমুদ।

আরও পড়ুন
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
নওগাঁয় সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করায় যুবক আটক