হোম » সারাদেশ » জামালপুরে গৃহবধূকে অপহরণের দায়ে ৪ জনের যাবজ্জীবন

জামালপুরে গৃহবধূকে অপহরণের দায়ে ৪ জনের যাবজ্জীবন

রবিউল হাসান লায়ন: জামালপুরের মেলান্দহে চৈতী নামে এক গৃহবধূকে ধর্ষণের উদ্দেশ্যে অপহরণের দায়ে ৪ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার দুপুরে জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এই রায় ঘোষণা করেন। একই সাথে প্রত্যেক আসামিকে ৫০ হাজার টাকা করে অর্থদন্ডে দন্ডিত করা হয়।

দন্ডপ্রাপ্তরা হলো, জেলার মেলান্দহ উপজেলার ভাংগুনী ডাংঙ্গা এলাকার মোন্নাফের ছেলে মো. মজনু মিয়া (২৫), ইমান আলীর ছেলে মো. জহুরুল ইসলাম (৩৭)। একই উপজেলার রান্ধনিগাছা এলাকার মৃত হাতেম আলী খন্দকারের ছেলে হানিফ খন্দকার(৫৯) ও মো. আবুল কাশেম এর ছেলে মো. মমিন মিয়া(৪০)।

রাষ্ট্রপক্ষের আইনজীবী এড. ফজলুল হক বলেন, মেলান্দহ উপজেলার রান্ধনিগাছা এলাকার হাবিবুর রহমানের মেয়ে মোছা. হাবিবা আক্তার চৈতীকে আসামী মো. মজনু দীর্ঘদিন যাবত প্রেমের প্রস্তাব দিয়ে আসছিলো। এরই জেরে বিগত ২০২২ সালের  ৯ ফেব্রুয়ারী  জামালপুর সদর উপজেলার রশিদপুর এলাকায় তার শ্বশুর বাড়ি থেকে বাবার বাড়ির উদ্দেশ্যে রওনা হলে আসামীরা চৈতীকে রাস্তা থেকে ধর্ষণের উদ্দেশ্যে অপহরণ করে নিয়ে যায়  এবং আটকে রাখে।

পরে ভুক্তভোগীর পিতার অভিযোগের প্রেক্ষিতে পুলিশ আসামি হানিফ উদ্দিনের বাড়ি থেকে গৃহবধূ চৈতীকে উদ্ধার করে। এ বিষয়ে চৈতীর বাবা মো. হাবিবুর রহমান ঘটনার দুই দিন পর ১১ই ফেব্রুয়ারি চারজনকে আসামি করে জামালপুর সদর থানায় মামলা দায়ের করেন।  মামলায় দীর্ঘ শুনানী ও ৪ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে বুধবার আসামীদের উপস্থিতিতেই রায় ঘোষণা করেন আদালত। মামলায় আসামীপক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট গোলাম নবী।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!