
এম.এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ হাতকড়াসহ পালানো বগুড়া শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান রেজ্জাকুল ইসলাম রাজুকে গ্রেপ্তার করেছে র্যাব। গত বুধবার (২৯ অক্টোবর) সন্ধ্যায় ঢাকার সাভারের নবীনগর এলাকা থেকে তাঁকে আটক করা হয়।
র্যাব-১২ বগুড়া ক্যাম্প, র্যাব-৪ ও সাভার টিমের যৌথ অভিযানে রাজুকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন র্যাব-১২-এর ক্রাইম প্রিভেনশন স্পেশালাইজড কোম্পানি (সিপিএসসি) বগুড়া ক্যাম্পের অধিনায়ক স্কোয়াড্রন লিডার ফিরোজ আহমেদ। তিনি জানান, গ্রেপ্তারের পর রাজুকে বগুড়ায় আনা হয়েছে এবং বৃহস্পতিবার তাঁকে শিবগঞ্জ থানার পুলিশের কাছে হস্তান্তর করা হবে।
রাজু শিবগঞ্জ উপজেলার চক ভোলাখাঁ গ্রামের বাসিন্দা। তাঁর বিরুদ্ধে দুটি হত্যা মামলাসহ জুলাই-আগস্টের সহিংসতার মোট ১৪টি মামলা তদন্তাধীন রয়েছে। গত বছর ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর থেকেই তিনি পলাতক ছিলেন।
এর আগে, গত ৪ অক্টোবর রাতে নিজ গ্রামের একটি বিয়ের অনুষ্ঠান থেকে রাজুকে গ্রেপ্তার করেছিল পুলিশ। তবে থানায় নেওয়ার পথে তাঁর সহযোগীরা পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়াসহ রাজুকে ছিনিয়ে নেয়।
ঘটনার পর দায়িত্বে গাফিলতির অভিযোগে অভিযানে থাকা এসআই আবদুল্লাহ আল মামুনকে প্রত্যাহার করা হয়। পাশাপাশি অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আসাদুজ্জামানকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করে জেলা পুলিশ।
ওই ঘটনায় ২০ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ২০০–২৫০ জনকে আসামি করে মামলা করা হয়। পরে পুলিশ এলাকায় অভিযান চালিয়ে ২১ জনকে গ্রেপ্তার করে, যাঁদের মধ্যে ১১ জন নারী। ঘটনাটির পর থেকেই চক ভোলাখাঁ গ্রাম প্রায় জনশূন্য হয়ে পড়ে।

আরও পড়ুন
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
নওগাঁয় সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করায় যুবক আটক