
রবি প্রতিনিধি: রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ৭ম ব্যাচের এক শিক্ষার্থীকে স্থানীয় মাদকাসক্ত এক ব্যক্তি মারাত্মক ভাবে আঘাত করেছেন। এতে ওই শিক্ষার্থী মারাত্মভাবে আহত হয়েছেন। এই ঘটনাটি ঘটেছে আনুমানিক রাত ১২ টার দিকে শাহজাদপুরের রামবাড়ি, হাজিরঘাট এলাকায়।
তীব্র হামলার কারণে ঘটনাস্থলেই জ্ঞান হারিয়ে ফেলেন নিপুণ নামের ওই শিক্ষার্থী। তার সহপাঠীরা বিষয়টি জানার পর ঘটনাস্থলে যান এবং তাকে চিকিৎসার জন্য শাহজাদপুর পৌর শহরের পিপিডি ক্লিনিকে নেওয়া হলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য খাজা ইউনুস আলী মেডিকেল কলেজে নেওয়ার পরামর্শ দেন।
পরে বিশ্ববিদ্যালয়ের অ্যাম্বুলেন্স যোগে আহত শিক্ষার্থীকে এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষ করে উন্নত চিকিৎসার জন্য সিরাজগঞ্জ মেডিকেলে পাঠানো হয়।
এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর নজরুল ইসলাম বলেন, ”আক্রমনের বিষয়টি জানার সাথে সাথে ঘটনাস্থলে গিয়েছি। আহত শিক্ষার্থীর চিকিৎসার জন্য দ্রুত খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে প্রাথমিক চিকিৎসা শেষ করে উন্নত চিকিৎসার জন্য সিরাজগঞ্জ এম. মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।”
তিনি আরো বলেন, ”এর মধ্যে শাহজাদপুর থানায় গিয়েছি। তদন্ত কর্মকর্তা জানিয়েছেন আক্রমণকারীর পরিবারের চারজন সদস্যকে আটক করা হয়েছে। আমরা সার্বক্ষণিক শিক্ষার্থীর খোঁজ-খবর নিচ্ছি।”
রাতেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ঘটনাস্থলে গিয়ে মাদকাসক্ত যুবকের বাবা, ভাই ও চাচাকে পুলিশের কাছে হস্তান্তর করা হলে অভিযুক্ত যুবক পালিয়ে যান। পরে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা প্রশাসনকে ২৪ ঘন্টার মধ্যে অভিযুক্তকে গ্রেফতার ও সুষ্ঠু বিচার দাবি করেন।
এ বিষয়ে শাহজাদপুর মডেল থানায় যোগাযোগ করলে ওসি তদন্ত জানান, ” মূল অভিযুক্তকে ভোরে আটক করা হয়েছে। এখন পর্যন্ত কোনো মামলা বা সাধারণ ডায়েরি করা হয়নি।”

আরও পড়ুন
বগুড়া শাজাহানপুরে ধর্ষণ মামলার পলাতক কিশোর গ্রেপ্তার
সিরাজগঞ্জে কিশোর গ্যাংয়ের প্রধান বাবু মিয়া ও রিজভীকে গ্রেপ্তারের দাবিতে প্রতিবাদ সভা
সিরাজগঞ্জে বাসচাপায় স্বামী-স্ত্রীসহ নিহত ৩