হোম » সারাদেশ » জামালপুরে সড়ক দুর্ঘটনায় নিহত- ৪

জামালপুরে সড়ক দুর্ঘটনায় নিহত- ৪

রবিউল হাসান লায়ন: জামালপুরে কাভার্ড ভ্যান ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে  ৪ জন নিহত হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত আরও ৪ জন  চিকিৎসাধীন রয়েছেন। তবে তাদের অবস্থায়ও আশংকাজনক বলে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ।

সোমবার  দুপুরে জামালপুর-টাঙ্গাইল মহাসড়কের জামালপুর অর্থনৈতিক অঞ্চলের সামনে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহতরা হলো- সরিষাবাড়ী উপজেলার সানাকৈর এলাকার হায়দার আলীর ছেলে রাশেদ (৩০), একই উপজেলার উচ্চগ্রামের শরিফ আহমেদের স্ত্রী আরিফা আক্তার পলি (২৫), জামালপুর সদর উপজেলার নারায়ণপুর এলাকার মৃত ময়েজ উদ্দিনের ছেলে চাঁন মিয়া (৬২) ও অজ্ঞাত এক নারী।

জানা যায়, সোমবার দুপুর সাড়ে বারোটার দিকে জামালপুর অর্থনৈতিক অঞ্চলের মেইন গেইটের সামনে জামালপুর থেকে ছেড়ে আসা টাঙ্গাইলগামী একটি কাভার্ড ভ্যানের সাথে একটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন সরিষাবাড়ী উপজেলার সানাকৈর গ্রামের হায়দার আলীর ছেলে রাশেদ । আহত বাকি ৭ জনকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে পাঠানো হলে পলি ও অজ্ঞাত এক নারীকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।  পরে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় চাঁন মিয়া নামে আরও একজনের।

দুর্ঘটনায় আহতরা হলো- দুর্ঘটনায় নিহত সরিষাবাড়ী উপজেলার উচ্চগ্রাম এলাকার আরিফা আক্তার পলির ছেলে আরশ (৭), জামালপুর সদর উপজেলার কাষ্টসিংগা গ্রামের অটোরিকশা চালক জাহাঙ্গীর আলম (৪০), দিগপাইত এলাকার সাদিকা আক্তার (২৫) ও নারায়ণপুর এলাকার সন্ধ্যা বেগম (৫০)। এরমধ্যে গুরুতর  আহত শিশু আরশ এর অবস্থার অবনতি হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে

স্থানান্তর করা হয়েছে। ঘাতক কাভার্ড ভ্যানটি ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে গেলে দিগপাইত মোড় এলাকায় স্থানীয়রা ভ্যানটিকে আটক করে।

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব জানান, জামালপুর থেকে টাঙ্গাইলগামী একটি কার্ভাড ভ্যান দিগপাইত এলাকায় একটি অটোরিকশাকে চাপা দিলে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই এক যাত্রী নিহত হন। পরে চিকিৎসাধীন অবস্থায় পর্যায় ক্রমে আরও ৩ জনের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনাকবলিত গাড়িগুলো জব্দ করেছে। তবে কার্ভাড ভ্যানের চালক ও হেলপার পালিয়ে গেছে বলেও জানান তিনি।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!