
মোঃ রাফাত হোসেন,কালীগঞ্জ, ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহ সদর উপজেলার গোয়ালপাড়া পাঁচমাইল এলাকায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে যাত্রীবাহী বাসের ধাক্কায় এক ট্রাকের হেলপার নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। মঙ্গলবার সকাল ছয়টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, সড়কের পাশে নষ্ট হয়ে পড়া ট্রাকটির চাকা মেরামতের কাজ করছিলেন হেলপার আলিমুল। এ সময় ব্রাহ্মণবাড়িয়া থেকে চৌগাছাগামী ‘মামুন পরিবহন’-এর একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা ট্রাকটির পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই আলিমুল মারা যান।
দুর্ঘটনায় আহত দুজনকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত আলিমুল নড়াইল জেলার বাসিন্দা বলে জানা গেছে। ঘটনার পরপরই পুলিশ বাসটি জব্দ করে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
স্থানীয়রা জানান, সড়কটিতে ভারী যানবাহনের অতিরিক্ত গতি ও সতর্কতা সংকেতের অভাবে এমন দুর্ঘটনা প্রায়ই ঘটে।

আরও পড়ুন
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
নওগাঁয় সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করায় যুবক আটক