
আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধিঃ ফরিদপুরের আলফাডাঙ্গায় জমিসংক্রান্ত বিরোধের জেরে এক বৃদ্ধার জমি থেকে জোরপূর্বক গাছ কর্তনের অভিযোগ উঠেছে। শনিবার (১১ অক্টোবর) সকাল ৯টায় উপজেলার শিরগ্রাম-গড়ানিয়া এলাকার প্রভাবশালী রিজভী কাজীর বিরুদ্ধে গাছ কর্তনের এ অভিযোগ উঠেছে। পরবর্তীতে ভুক্তভোগী ওই একই এলাকার মৃত. কাজী আব্দুল ওহাবের স্ত্রী কাজী কহিনুর বেগম (৬২) থানায় লিখিত অভিযোগ দিলে ঘটনাস্থলে গিয়ে গাছ কাটা বন্ধ করে দেয় পুলিশ।
অভিযোগ সূত্রে জানা গেছে, জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে উপজেলার শিরগ্রাম-গড়ানিয়া এলাকার মৃত. কাজী আব্দুল ওহাবের সঙ্গে তার চাচাতো ভাতিজা লাট্টু কাজীর সঙ্গে বিরোধ চলে আসছিল। এরই বিরোধের জের ধরে শুক্রবার সকালে কাজী আব্দুল ওহাবের জমিতে রোপণকৃত আটটি মেহগনি গাছ বিক্রি করে দেয় লাট্টু কাজীর ছেলে রিজভী কাজী। এসময় কাজী আব্দুল ওহাবের স্ত্রী কাজী কহিনুর বেগম গাছ কাটতে বাঁধা দিলেও অভিযুক্ত রিজভী কাজী তাকে একা পেয়ে বিভিন্ন হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করে গাছ কাটা শুরু করে। পরে ভুক্তভোগী কাজী কহিনুর বেগম থানায় গিয়ে অভিযোগ করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গাছ কর্তন বন্ধ করেন। তবে ততক্ষণে অভিযুক্ত রিজভী কাজী তিনটি বড় সাইজের মেহগনি গাছ কেটে ফেলেন।
এ বিষয়ে অভিযুক্ত রিজভী কাজীর বক্তব্য জানতে বারবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও সম্ভব হয়নি। তবে রিজভী কাজীর বাবা লাট্টু কাজী জানান, ‘ছেলে গাছ কেটেছে। আমি এই বিষয়ে কিছু জানি না। সে আমার কোন কথা শোনে না।’
জানতে চাইলে আলফাডাঙ্গা থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মফিজুর রহমান বলেন, ‘থানায় অভিযোগের পরে ঘটনাস্থলে গিয়ে গাছ কাটা বন্ধ করা হয়েছে। তবে পুলিশের উপস্থিতি বুঝতে পেরে অভিযুক্ত রিজভী কাজী পালিয়ে যায়। বিষয়টি নিয়ে পরবর্তী আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন আছে।’

আরও পড়ুন
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
নওগাঁয় সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করায় যুবক আটক