
রায়হান শেখ, মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি:
বাগেরহাটের মোল্লাহাটে ঐতিহ্যবাহী কাহালপুর হাড়িদাহ ফুটবল মাঠ দখলমুক্তের দাবিতে স্থানীয় জনতা এক বিশাল মানববন্ধন কর্মসূচি পালন করেছে।
রবিবার (৫ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
খলিলুর রহমান ডিগ্রি কলেজ প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য র্যালি বের হয়ে উপজেলা সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা চত্বরে গিয়ে মানববন্ধনে মিলিত হয়। এতে হাজারো স্থানীয় বাসিন্দা, শিক্ষার্থী ও বিভিন্ন সামাজিক সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তারা বলেন, ১৯৫০ সাল থেকে মাঠটি স্থানীয়দের খেলার কেন্দ্র হিসেবে ব্যবহৃত হয়ে আসছে এবং ১৯৬২ সালে এটি “কাহালপুর হাড়িদাহ ফুটবল মাঠ” নামে সরকারি রেকর্ডভুক্ত হয়। মাঠটি শুধু বিনোদনের স্থান নয়, এটি শিশু-কিশোরদের শারীরিক ও মানসিক বিকাশের জন্য অপরিহার্য একটি ঐতিহ্যবাহী স্থান।
অভিযোগ উঠে, সম্প্রতি স্থানীয় ভূমিদস্যু নজরুল গং মাঠের একাংশ দখল করে বসতঘর নির্মাণ করেছে এবং পুরো মাঠ দখলের পাঁয়তারা করছে। এতে শিশুদের খেলাধুলার সুযোগ মারাত্মকভাবে বাধাগ্রস্ত হচ্ছে। বক্তারা অবিলম্বে দখলকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ ও মাঠটি দখলমুক্ত করার দাবি জানান।
এ বিষয়ে মোল্লাহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জানান, সরকারি জমি রক্ষায় উপজেলা প্রশাসন সর্বদা সজাগ রয়েছে। কেউ যদি সরকারি খেলার মাঠ দখল করে থাকে, তাহলে তার বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মানববন্ধনে বক্তব্য রাখেন— তেঁতুলবাড়ি এম. এম. ওবায়দুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ শরিফুল ইসলাম, বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি আবুল কাশেম কালিম, এনসিপি সভাপতি ফয়সাল রহমান, মাঠ কমিটির সভাপতি বনি আমিন মোল্লা, বিএনপি নেতা সুবহান ফকির, বরকতউল্লাহ, মুজাহিদুর রহমান, শওকত মোল্লা, রমজান মোল্লা, ইউপি সদস্য আয়ুব আলী মোল্লা, কামরুজ্জামান মোল্লা, মোহাম্মদ আলী, সেখ ইদ্রিস আলী ও খলিলুর রহমান মোল্লা প্রমুখ।
বক্তারা বলেন, “আমাদের সন্তানদের সুস্থ ভবিষ্যৎ নিশ্চিত করতে হলে খেলার মাঠ রক্ষা করা জরুরি। এই মাঠ শুধু খেলার স্থান নয়—এটি আমাদের ঐতিহ্য, সংস্কৃতি ও প্রজন্মের প্রাণ।”

আরও পড়ুন
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল
ক্ষেতলালে পুলিশের সাঁড়াশি অভিযান: ৩১ পিস ট্যাপেনটাডলসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার
বাঘা পৌরসভার প্রকৌশলীর বিরুদ্ধে ঠিকাদারের কাছ থেকে ৪ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ