
এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধি:
বগুড়ার সারিয়াকান্দী উপজেলার ফুলবাড়ী ইউনিয়নের কাঁঠালতলা এলাকায় সিএনজি চালিত অটোরিকশা ও ড্রাম ট্রাকের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত এবং দুইজন গুরুতর আহত হয়েছে। আজ শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, সারিয়াকান্দী থেকে বগুড়াগামী একটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ড্রাম ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই সিএনজি চালক শুকুর আলী (৪০) মারা যান। তার বাড়ি শিবগঞ্জ থানার সুলতানপুর গ্রামে।
পরে স্থানীয়রা ও ফায়ার সার্ভিস সদস্যরা আহতদের উদ্ধার করে সারিয়াকান্দী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের অবস্থা আশঙ্কাজনক দেখে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মারা যান সিএনজির যাত্রী বিপুল (৩৮) ও তার ছেলে বিপ্লব (৫)। নিহত বিপুলের বাড়ি গাইবান্ধার সাঘাটা উপজেলার কুঠিবাড়ি গ্রামে।
গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন বিপুলের স্ত্রী মমতা (৩২) ও কন্যা রুপা (১২)। তাদের অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে।
স্থানীয়রা অভিযোগ করে জানান, গাবতলী, সোনাতলা ও সারিয়াকান্দী উপজেলা এলাকায় বালুবোঝাই ড্রাম ট্রাকগুলো বেপরোয়া গতিতে চলাফেরা করে, যার ফলে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। তারা এ বিষয়ে প্রশাসনের কঠোর নজরদারি ও দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল