
আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধিঃ
বর্ণিল আয়োজনের মধ্যদিয়ে ফুল ছিটিয়ে বরণ করে নেওয়া হলো ফরিদপুরের আলফাডাঙ্গা আদর্শ কলেজের দুই শতাধিক নবীন শিক্ষার্থীকে।
রোববার (২১ সেপ্টেম্বর) সকাল থেকে এই নবীনবরণ অনুষ্ঠানকে কেন্দ্র করে মুখরিত হয়ে ওঠে কলেজ ক্যাম্পাস। নবীন বরণ অনুষ্ঠান উপলক্ষে সাজানো হয় গোটা ক্যাম্পাস। কেউ এসেছিলেন সেজে, কেউবা সাধারণ পোশাকে। সবাই মেতে ওঠেন হাসি-আনন্দ-আড্ডা-উল্লাসে। শিক্ষার্থীদের এই আনন্দে মেতে ওঠেন শিক্ষকরাও।
ফিতা কেটে অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন কলেজের গভর্নিং বডির সভাপতি ডা. মাফরুহা রহমান। পরে কলেজ চত্বরে জাতীয় সংগীতের মাধ্যমে শুরু হওয়া আলোচনা সভায় সভাপতিত্ব করেন তিনি। সভাপতির বক্তব্যে ডা. মাফরুহা রহমান বলেন, ‘আলফাডাঙ্গা আদর্শ কলেজ এই অঞ্চলে অত্যন্ত ঐতিহ্যবাহী একটি প্রতিষ্ঠান। এখান থেকে সুশিক্ষা গ্রহণ করে সুনাগরিক হয়ে দেশের নেতৃত্বভার গ্রহণ করতে হবে। তরুণ প্রজন্মের চোখে আমরা সমৃদ্ধশালী দেশ গঠনের স্বপ্ন দেখি।’
অনুষ্ঠানটি পরিচালনা করেন, আলফাডাঙ্গা আদর্শ কলেজের অধ্যক্ষ এম এম মুজিবুর রহমান মুজিব। নবীব শিক্ষার্থীদের উদ্দেশ্যে অধ্যক্ষ এম এম মুজিবুর রহমান মুজিব বলেন, ‘কলেজের নিয়ম অনুযায়ী শিক্ষার্থীদের নিয়মিত ক্লাসে উপস্থিত হতে হবে। এ ব্যাপারে কড়াকড়ি আরোপ করা হয়েছে। এক্ষেত্রে চূড়ান্ত পরীক্ষায় অংশ নিতে একজন শিক্ষার্থীকে কমপক্ষে ৭৫ শতাংশ ক্লাসে উপস্থিতি থাকতে হবে।’
এছাড়াও আলোচনা সভায় কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষক, নবীন ও প্রবীণ শিক্ষার্থীরা বক্তব্য দেন। আলোচনা পর্ব শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এসময় অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, নবীন বরণ উদযাপন কমিটির আহবায়ক, হিসাববিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক নীল রতন বিশ্বাস, কলেজের গভর্নিং বডির দাতা প্রতিনিধি সদস্য কাজী শরিফুল ইসলাম, ঢাকা শিক্ষা বোর্ড প্রতিনিধি সদস্য হোসনেয়ারা ইসলাম, অভিভাবক প্রতিনিধি সদস্য রিপন খান, কামাল হোসেন, কলেজের গভর্নিং বডির সাবেক সদস্য মোনায়েম খান প্রমুখ।

আরও পড়ুন
সিরাজগঞ্জে আ’লীগের ৪ নেতাকর্মী গ্রেপ্তার
চাঁপাইনবাবগঞ্জে অষ্টম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিক্ষক মিজান গ্রে’ফ’তা’র
কাউখালীতে বাবা-মায়ের সঙ্গে অভিমানে স্কুলছাত্রের আত্মহত্যা