
এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধি
বন্ধ হয়ে যাচ্ছে বগুড়ার আধুনিক মধুবন সিনেপ্লেক্স। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) থেকে স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হচ্ছে এই সিনেমা হলটি। বিষয়টি গত বৃহস্পতিবার সন্ধ্যায় হলটির স্বত্বাধিকারী রোকনুজ্জামান ইউনূস নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘মধুবন একেবারে বন্ধ রাখছি। সিনেমা হল ভেঙে ভবিষ্যতে কী করা হবে, সে সিদ্ধান্ত এখনো নেইনি। মাসের পর মাস লোকসান গুনেছি। আজই (বৃহস্পতিবার) শেষ দিন। এ সপ্তাহে ‘নন্দিনী’ সিনেমাটি চালাচ্ছিলাম, কিন্তু দর্শক পাইনি। ছবির খরচই ওঠে না। প্রতি মাসে দুই থেকে আড়াই লাখ টাকা খরচ হয়। সিনেমা চালিয়ে সেই খরচই তুলতে পারছি না।’
বর্তমানে দেশের সিনেমা হলে দর্শকের অভাব প্রকট হয়ে উঠেছে উল্লেখ করে তিনি বলেন, ‘আমাদের দেশের সিনেমা এখন ঈদ ছাড়া দর্শক টানতে পারছে না। তাই আমরা চেয়েছিলাম বিদেশি ভালো সিনেমা চালিয়ে হলে দর্শক ধরে রাখতে। কিন্তু ইন্ডিয়াসহ অন্যান্য দেশের সিনেমা আমদানিতে নিষেধাজ্ঞা থাকায় তা সম্ভব হয়নি। এই পরিস্থিতিতে লোকসান টানা সম্ভব নয়।’
তিনি আরও জানান, বগুড়ার ঐতিহ্যবাহী মণিহার সিনেমা হলও শুক্রবার থেকে বন্ধ হচ্ছে। লায়ন সিনেমা হলও আগামী মাসে বন্ধ হয়ে যাবে বলে জানা গেছে। আসন্ন একটি প্রেস কনফারেন্সে এই বিষয়ে বিস্তারিত জানানো হবে।
উল্লেখ্য, ২০২১ সালে নতুন রূপে যাত্রা শুরু করেছিল মধুবন সিনেপ্লেক্স। আধুনিক প্রেক্ষাগৃহ হিসেবে এটি বগুড়ার সিনেমাপ্রেমীদের মাঝে আশার আলো জেলেছিল। কিন্তু দীর্ঘমেয়াদী দর্শক সংকটের কারণে শেষ পর্যন্ত হলটি বন্ধ করার সিদ্ধান্ত নিতে বাধ্য হলেন মালিকপক্ষ।

আরও পড়ুন
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
নওগাঁয় সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করায় যুবক আটক