হোম » সারাদেশ » জাতীয় চ্যাম্পিয়নশীপে নওগাঁ দল বিজয়ী

জাতীয় চ্যাম্পিয়নশীপে নওগাঁ দল বিজয়ী

জাহিদুল হক মিন্টু, নওগাঁ প্রতিনিধি:
দেশজুড়ে নতুন করে ফুটবলের উন্মাদনা ছড়িয়ে দিতে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) যৌথভাবে আয়োজন করেছে জাতীয় চ্যাম্পিয়নশীপ-২০২৫। এরই ধারাবাহিকতা বুধবার বিকেল ৩টায় নওগাঁ স্টেডিয়ামে নওগাঁ জেলা দল বনাম জয়পুরহাট জেলা দল ফুটবল ম্যাচ খেলা অনুষ্ঠিত হয়েছে।
খেলায় নওগাঁ জেলা দল ৪-১ গোলে জয়পুরহাট জেলাকে পরাজিত করে। প্রথমার্ধে নওগাঁ জেলা দল ৩-১ গোলে এগিয়ে থাকে। দ্বিতীয়ার্ধে আবারও নওগাঁ জেলা দল ১-০ গোলে জয়পুরহাটকে পরাজিত করে। হাজারো দর্শক খেলা উপভোগ করেন। নওগাঁর পক্ষে মাসুম ২ গোল, আলাল ১ গোল এবং সালেহ ১ গোল করেন। এছাড়া জয়পুরহাট জেলা দলের পক্ষে নুরুজ্জমান ১ গোল করেন।
এর আগে খেলার উদ্বোধন করেন নওগাঁ জেলা প্রশাসক আব্দুল আউয়াল। এসময় নওগাঁ সদর উপজেলা নির্বাহী অফিসার ইবনুল আবেদীন, জয়পুরহাট জেলার ক্রীড়া সংগঠক ফায়সাল আলীম সহ অন্যরা উপস্থিত ছিলেন। পরে প্রধান অতিথি বিজয়ী নওগাঁ জেলা দলকে ১০ হাজার টাকার প্রাইজমানি প্রদান করেন। এছাড়া বিজয়ী দল থেকে ম্যাচ অব দ্যা হয় মাসুম।
আয়োজকরা জানান- জাতীয় চ্যাম্পিয়নশীপের মাধ্যমে প্রতিটি জেলা তাদের টিম গঠন করবে, ভালো খেলোয়াড়দেরকে তারা খুঁজে নিয়ে আসবে এবং তারা জাতীয় পর্যায়ে ক্রীড়া নৈপুণ্য দেখানোর সুযোগ পাবে। তারুণ্যের উৎসব এর অংশ হিসেবে আয়োজিত এই আসরে অংশ নেবে দেশের ৬৪টি জেলা। প্রাথমিক রাউন্ডে ৬৪ জেলা আটটি গ্রুপে ভাগ হয়ে খেলবে। প্রতিটি গ্রুপের নামকরণ করা হয়েছে জুলাই শহীদদের নামানুসারে।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!