
হাবিবুর রহমান
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের খেলার মাঠে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। গতকাল ১৬ সেপ্টেম্বর (মঙ্গলবার) বিকাল ৪ ঘটিকায় রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের খেলাধুলা ব্যবস্থাপনা কমিটির আয়োজন ও ব্যবস্থাপনায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের নিয়ে এই ফুটবল ম্যাচের আয়োজন করা হয়।
এতে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগের দক্ষ ও আগ্রহী শিক্ষার্থীদের সমন্বয়ে দুটি দল গঠনের মাধ্যমে এই প্রীতি ফুটবল ম্যাচটি আয়োজিত হয়। খেলায় গোরা এফসি দল বনাম টেগোর ইউনাইটেড দল অংশগ্রহণ করে। দীর্ঘ ৭০ মিনিটের প্রাণবন্ত খেলা শেষে টেগোর ইউনাইটেড দল ২.০ গোলে জয় লাভ করে।
প্রাণবন্ত এই খেলা চলাকালে সেখানে উপস্থিত ছিলেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের মাননীয় প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. সুমন কান্তি বড়ুয়া, প্রক্টর (ভারপ্রাপ্ত) জনাব নজরুল ইসলাম, খেলাধুলা ব্যবস্থাপনা কমিটির আহ্বায়ক মো. জাবেদ ইকবালসহ খেলাধুলা ব্যবস্থাপনা কমিটির অন্যান্য সদস্যবৃন্দ। এছাড়াও রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। খেলা শেষে বিজয়ী দল ও রানার্স আপ দলের মাঝে সম্মাননা স্মারক বিতরণ করেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. সুমন কান্তি বড়ুয়া।
খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ শেষে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের মাননীয় প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. সুমন কান্তি বড়ুয়া বলেন, “শিক্ষার্থীদের মানসিক বিকাশে পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সহশিক্ষামূলক কার্যক্রম থাকা দরকার। আমরা দায়িত্ব নেয়ার পরে সে বিষয়ে গুরুত্ব দিয়েছি। রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস না থাকায় খেলার মাঠের সংকট ছিল। আপনারা জানেন, গত ১৭ আগস্ট ২০২৫ অনুষ্ঠিত একনেক সভায় রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস স্থাপন প্রকল্প অনুমোদিত হয়েছে। রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের জন্য নির্ধারিত স্থানে শিক্ষার্থীদের খেলাধুলার জন্য ইতোমধ্যে আমরা মাঠের সংস্কার করেছি। শিক্ষার্থীরা তাদের স্থায়ী ক্যাম্পাসের মাঠে খেলাধুলাসহ বিভিন্ন সহশিক্ষামূলক কার্যক্রম পরিচালনা করতে পেরে আনন্দিত।” প্রো-ভাইস চ্যান্সেলর মহোদয় আজকের প্রীতি ফুটবল ম্যাচে অংশগ্রহণ করা দুইটি দলসহ উপস্থিত সবাইকে শুভেচ্ছা জানিয়ে তাঁর বক্তব্য শেষ করেন।
এসময় টেগোর ইউনাইটেড দলের ক্যাপ্টেন ও সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ফয়সাল আক্তার বলেন, “আপনারা জানেন আমাদের বিশ্ববিদ্যালয়ের স্থায়ী কোন ক্যাম্পাস বা মাঠ ছিল না দীর্ঘ ৯ বছর। একটা স্থায়ী মাঠের অভাবে আমাদের বিশ্ববিদ্যালয়ের প্রতিটা শিক্ষার্থী খেলাধুলার অধিকার থেকে বঞ্চিত হয়ে আসছে। আজকে আমি খুবই এক্সাইটেড যে প্রথমবারের মতো আমাদের রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে একটি প্রীতি ফুটবল ম্যাচ হতে যাচ্ছে । এটা আমাদের জন্য সত্যি খুবই আনন্দের ব্যাপার। আমি মনে করি অফিসিয়ালি এটাই রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের নিজস্ব স্থায়ী ক্যাম্পাসে খেলাধুলার যাত্রা আরম্ভ আর এটা চলতে থাকবে আজীবন ইনশাল্লাহ।”
গোরা এফসি দলের ক্যাপ্টেন ও অর্থনীতি বিভাগের শিক্ষার্থী আসমাউল হোসেন বলেন, “দেখুন একটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশের জন্য খেলাধুলা যে কতটা গুরুত্বপূর্ণ সেটা সবারই জানা। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় এটা যে আমি বিশ্ববিদ্যালয়ে এসেছি তিন বছর হয়ে গেল কিন্তু কোনো খেলার মাঠ না থাকার কারণে আমরা সকল ধরনের খেলাধুলা থেকে বঞ্চিত হচ্ছি। তবে সম্প্রতি আমাদের স্থায়ী ক্যাম্পাসে খেলার মাঠ নির্মাণের মধ্য দিয়ে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে খেলাধুলার নতুন দুয়ার খুলেছে। আজকের প্রীতি ফুটবল ম্যাচ খেলার জন্য আমি খুবই এক্সাইটেড। মাননীয় ভিসি স্যার ও বিশ্ববিদ্যালয়ের খেলাধুলা ব্যবস্থাপনা কমিটিকে ধন্যবাদ জানাই শিক্ষার্থী বান্ধব এমন সুন্দর উদ্যোগ নেওয়ার জন্য।”

আরও পড়ুন
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
নওগাঁয় সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করায় যুবক আটক