
এম.এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধি: স্রষ্টা যাঁকে সম্মানিত করেন, একদিন তিনি তাঁর প্রাপ্য সম্মান ঠিকই পান। তেমনই একজন মানুষ ধুনট উপজেলার মথুরাপুর ইউনিয়নের জনবান্ধব চেয়ারম্যান আব্দুল কাদের। উচ্চ মাধ্যমিক পাশ করা এই মানুষটি তিনবার নির্বাচিত ইউপি সদস্য ছিলেন। পরিশ্রম, নিষ্ঠা আর জনগণের আস্থার উপর ভর করেই তিনি আজ প্যানেল চেয়ারম্যান এবং বর্তমানে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।
২০২৪ সালের ৫ আগস্টের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে দেশের সামগ্রিক রাজনৈতিক প্রেক্ষাপটে পরিবর্তনের হাওয়া লাগে। এই সময়ে দীর্ঘদিন চেয়ারম্যানের পদে অনুপস্থিত ছিলেন নির্বাচিত চেয়ারম্যান হাসান আহমেদ জেমস্ মল্লিক। ফলে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের নির্দেশনায় ইউপি সদস্য আব্দুল কাদেরকে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়।
দায়িত্ব নেওয়ার পর অল্প সময়ের মধ্যেই মথুরাপুর ইউনিয়নে দৃশ্যমান কিছু পরিবর্তন সাধিত হয়, যা সাধারণ মানুষের নজরে পড়ে। ইউনিয়ন পরিষদ আধুনিকীকরণে তিনি পুরো পরিষদ চত্বরে সিসি ক্যামেরা স্থাপন করেন, চালু করেন ইন্টারনেট সুবিধা এবং একটি পাঠাগার। জনবান্ধন জন্মনিবন্ধন ব্যবস্থা চালু করায় তিনি উপজেলার শ্রেষ্ঠ চেয়ারম্যান হিসেবে সম্মানিত হন।
গ্রাম আদালত পরিচালনা, বাল্যবিবাহ রোধ, গ্রামীণ অবকাঠামো উন্নয়নে কালভার্ট স্থাপন ও ইটের রাস্তা নির্মাণ, পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ, ক্রীড়া সামগ্রী বিতরণ, যুব সমাজকে সংগঠিতকরণ-প্রতিটি খাতে তার গুরুত্বপূর্ণ অবদান রয়েছে।
মানবিক এবং প্রশাসনিক নেতৃত্ব, জলাবদ্ধতা নিরসনে ড্রেনেজ ও পাইপলাইন স্থাপন, বিশুদ্ধ পানির জন্য নলকূপ বসানো, নারীর আত্মকর্মসংস্থানে সেলাই মেশিন বিতরণ, স্বচ্ছতার সাথে সরকারি ভাতা ও কার্ড বিতরণ-সব মিলিয়ে এক কার্যকর প্রশাসনের প্রতিচ্ছবি ফুটে উঠেছে তার কর্মকাণ্ডে।
তাছাড়া, ঘুষ-দুর্নীতিমুক্ত গ্রাম আদালত ব্যবস্থা, সামাজিক শান্তি-শৃঙ্খলা রক্ষা, মাদক ও ধর্ষণের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি, দরিদ্র অসুস্থদের আর্থিক সহায়তা, ঐতিহ্যবাহী মথুরাপুর হাট পুনরুজ্জীবনে উদ্যোগ, ট্রাফিক সম্মানী বৃদ্ধি, দুর্যোগে পাশে দাঁড়ানো এবং কৃষি উন্নয়নে উপজেলা ও ইউনিয়ন কৃষি অফিসের সাথে সমন্বয় সাধন করে তিনি সর্বত্র প্রশংসিত হচ্ছেন।
তার এই বহুমাত্রিক সেবার স্বীকৃতিস্বরূপ ধুনট উপজেলা প্রশাসন তাকে “উপজেলার শ্রেষ্ঠ চেয়ারম্যান” হিসেবে সংবর্ধনা দিয়েছে। এতে মথুরাপুর ইউনিয়নের ভাবমূর্তি যেমন উজ্জ্বল হয়েছে, তেমনি জনগণের মধ্যে ফিরে এসেছে আস্থা।
এ প্রসঙ্গে প্যানেল চেয়ারম্যান আব্দুল কাদের বলেন,“স্বচ্ছতা ও জবাবদিহিতার সাথে আমার উপর অর্পিত দায়িত্ব পালন করে যাচ্ছি। জনগণের সার্বিক সহযোগিতায় মথুরাপুর ইউনিয়নকে একটি আধুনিক মডেল ইউনিয়ন পরিষদ হিসেবে গড়ে তুলতে চাই। স্বল্প সময়ে যতটুকু অর্জন, সবই আমার ইউনিয়নের জনগণের দোয়া ও ভালোবাসার প্রতিফলন।”

আরও পড়ুন
‘বাড়ি জামালপুরে’—এটুকুই মনে আছে; পরিচয়হীন অসহায় নারী খুঁজছেন স্বজনদের
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার