হোম » সারাদেশ » বগুড়া শেরপুরে অনুষ্ঠিত হলো ‘লেখক-পাঠক আড্ডা–২০২৫’

বগুড়া শেরপুরে অনুষ্ঠিত হলো ‘লেখক-পাঠক আড্ডা–২০২৫’

‎ এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ

বগুড়ার শেরপুরে অনুষ্ঠিত হলো ‘লেখক-পাঠক আড্ডা–২০২৫’। সাহিত্য ও সংস্কৃতির অঙ্গনে প্রাণ জাগানো এই আয়োজনের আয়োজন করে গল্পভিত্তিক পত্রিকা পারাপার। গত শুক্রবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যায় শহরের বাসস্ট্যান্ড এলাকার ফিউচার মাইন্ডস স্টুডিও ক্যাফেতে এ জমজমাট আড্ডা অনুষ্ঠিত হয়।

‎আড্ডায় সভাপতিত্ব করেন কথাসাহিত্যিক সাহাব উদ্দিন হিজল। এতে অংশগ্রহণ করেন স্থানীয় লেখক, পাঠক, শিল্পী ও সংস্কৃতিমনা সুধীজন। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া লেখক চক্রের সভাপতি কবি ইসলাম রফিক, সংস্কৃতি ব্যক্তিত্ব পুলক কুমার ভট্টাচার্য্য, ডা. মনিরুজ্জামান স্বপন, ডা. রাফসানা জাহান রিম্মী, ধুনট সরকারি কলেজের সহকারী অধ্যাপক আব্দুল আজিজ, জিএমসি ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক সাবিনা ইয়াসমিন এবং শেরপুর জয়লা জুয়ান ডিগ্রি কলেজের প্রদর্শক জাকিয়া পারভিন মুক্তি।

‎পারাপার সম্পাদক নাহিদ হাসান রবিন এর সঞ্চালনায় আলোচনায় অংশ নেন সাংবাদিক রাশেদুল হক, শফিকুল ইসলাম বাবলু, কবি লতিফ আদনান, সিকতা কাজল, আব্দুল মোমিন শাওন, অনন্য রাসেল, বিশ্বজিৎ দাশ প্রমুখ। বক্তারা সবাইকে নিয়মিত বই পড়ার প্রতি আগ্রহী হতে আহ্বান জানান এবং সাহিত্য চর্চার গুরুত্ব তুলে ধরেন।

‎আলোচনার পর এক মনোজ্ঞ সংগীত সন্ধ্যার আয়োজন করা হয়। সংগীত পরিবেশন করেন আল আফরোজ খান তিথী, রেজওয়ান হাসান শিশির, অমিত হাসান মুক্ত, অনসূয়া ভট্টাচার্য্য, সাবিনা ইয়াসমিন ও নাহিদ হাসান রবিন।

‎উল্লেখযোগ্য এই আয়োজনে লেখক-পাঠকের ভাবনার বিনিময়ের পাশাপাশি গড়ে উঠেছে সাহিত্য ও সংস্কৃতির এক উজ্জ্বল মেলবন্ধন।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!