
এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধি
দীর্ঘ প্রতীক্ষার পর বগুড়া বিমানবন্দর চালুর যে আশার আলো দেখা দিয়েছিল, তা বর্তমানে আবারও থমকে গেছে। রানওয়ে সম্প্রসারণের জন্য প্রয়োজনীয় জমি অধিগ্রহণে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) থেকে কোনো ধরনের চিঠি না আসায় প্রকল্পের অগ্রগতি কার্যত স্থবির হয়ে পড়েছে।
বগুড়াবাসীর দীর্ঘ ১৬ বছরের উন্নয়ন বঞ্চনার অবসান ঘটিয়ে নতুন সরকার ক্ষমতায় আসার পর, জেলায় একের পর এক উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়। এই ধারাবাহিকতায় বগুড়া বিমানবন্দর চালু করাও একটি গুরুত্বপূর্ণ প্রতিশ্রুতি হিসেবে সামনে আসে।
চলতি বছরের গত ১২ জানুয়ারি বগুড়ায় সফরকালে এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ স্থানীয় রানওয়ে পরিদর্শন করেন এবং বলেন, “বর্তমান রানওয়ে অত্যন্ত দুর্বল, শক্তি কমে গেছে। রানওয়ে মজবুত করে দেড় থেকে দুই হাজার ফুট বৃদ্ধি করতে হবে।” তিনি আশাবাদ ব্যক্ত করেন, ফান্ডিং পেলে দেড় থেকে দুই বছরের মধ্যেই অভ্যন্তরীণ রুটে বিমান চলাচল শুরু করা সম্ভব হবে।
তবে এই আশাবাদ এখন বাধাগ্রস্ত হচ্ছে জমি অধিগ্রহণে ধীরগতির কারণে। বগুড়ার জেলা প্রশাসক হোসনা আফরোজ জানান, “গত বছরের ৩ নভেম্বর বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে জমি অধিগ্রহণের বিষয়ে একটি চিঠি দেওয়া হয়েছে এবং নিয়মিতভাবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে। তবে এখন পর্যন্ত কোনো অনুমোদন বা চিঠি আসেনি।” জেলা প্রশাসকের তথ্য অনুযায়ী, অভ্যন্তরীণ ফ্লাইট চালুর জন্য রানওয়ে ১,৫০০ থেকে ২,০০০ ফুট পর্যন্ত সম্প্রসারণ করতে হবে। এর জন্য প্রায় ১০০ একর জমি অধিগ্রহণ প্রয়োজন, যাতে ব্যয় হতে পারে প্রায় ২৫ কোটি টাকা। আর পূর্ণাঙ্গ বিমানবন্দর হিসেবে ১০,০০০ ফুট রানওয়ে নির্মাণ করতে হলে অধিগ্রহণ করতে হবে প্রায় ৩০০ একর জমি। বর্তমানে রানওয়ে সম্প্রসারণ বন্ধ থাকলেও বিমানবন্দর এলাকায় নিরাপত্তা ও অবকাঠামো উন্নয়নের অংশ হিসেবে আশপাশের বড় বড় গাছ কাটার নির্দেশনা দেওয়া হয়েছে। বগুড়াবাসীর বহু প্রত্যাশিত এই প্রকল্প আবারও থমকে যাওয়ায় হতাশা দেখা দিয়েছে সাধারণ মানুষের মাঝে। সংশ্লিষ্ট মহলের আশু হস্তক্ষেপই পারে এই প্রকল্পকে আবারও গতি দিতে।

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল