
পিরোজপুর জেলা সংবাদদাতা
পিরোজপুরের ভান্ডারিয়ায় নারিকেল চুরির ঘটনায় চোরের হাতে নিহত হয়েছেন রেজাউল করিম ঝন্টু নামে স্থানীয় বিএনপির এক নেতা মৃত্যুর ঘটনায় ওই চোর রুবেলকে গণধোলাই দিয়ে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা। শুক্রবার (২৯ আগস্ট) বিকালে ৪ টার দিকে উপজেলার উত্তর শিয়ালকাঠি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রেজাউল করিম ঝন্টু ভান্ডারিয়া উপজেলার ভিটাবাড়ি ইউনিয়নের ৮নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন এবং চোর রুবেল খান একই গ্রামের মজিবুর খানের ছেলে।
স্থানীয় বাসিন্দারা জানান, ভান্ডারিয়া উপজেলার উত্তর শিয়ালকাঠি গ্রামের আব্দুল হালিম প্রফেসরের বাড়ি থেকে বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুপুরে বেশ কিছু নারিকেল পেড়ে নেন রুবেল খান। ঘটনাটি ওই রাতেই হালিম প্রফেসরের ছেলে মাসুদ রানা থানায় এবং তার স্বজন ৮নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ঝন্টুকে জানান। ঝন্টু ওই রাতেই রুবেলকে নারিকেল ফিরিয়ে দিতে বলেন। রুবেল তা ফিরিয়ে দিতে অস্বীকৃতি জানালে ঝন্টু শুক্রবার সকালে বিষয়টি দেখবে বলে জানান।
পরে শুক্রবার সকালে ঝন্টু মাসুদ রানাদের বাড়ির সামনে এলে সেখানে রুবেলকে দেখতে পান। এ সময় ঝন্টু কিছু বুঝে ওঠার আগেই রুবেল তার সঙ্গে থাকা চাকু দিয়ে বেশ কয়েকবার আঘাত করেন ঝন্টুকে। এতে তার শরীরে মারাত্মক জখম হয়।
গুরুতর আহত অবস্থায় এলাকাবাসী রেজাউলকে উদ্ধার করে ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. খায়রুল বাশার তাকে মৃত ঘোষণা করেন।
এক প্রত্যক্ষদর্শী জানান, চোর রুবেল তার নিজ বাসায় পালিয়ে ছিলেন। স্থানীয়রা খবর পেয়ে রুবেলকে বিকাল ৪ টার দিকে ধরে গণধোলাই দেয়। এসময় পুলিশকে খবর দিলে দুজন পুলিশ এসে রুবেলকে আটক করে নিয়ে যায়।
ভান্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গির হোসেন জানান, নিহত রেজাউল করিম ঝন্টুর লাশ মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্ত রুবেলকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

আরও পড়ুন
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
নওগাঁয় সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করায় যুবক আটক