হোম » সারাদেশ » কারেন্ট ও দুয়ারী জালের দৌরাত্ম্যে কালীগঞ্জের বাবরা গ্রামের বিলের মাছ হারিয়ে যাচ্ছে

কারেন্ট ও দুয়ারী জালের দৌরাত্ম্যে কালীগঞ্জের বাবরা গ্রামের বিলের মাছ হারিয়ে যাচ্ছে

মো:রাফাত হোসেন, কালীগঞ্জ,ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহের কালীগঞ্জ পৌরসভার ৬নং ওয়ার্ডের বাবরা গ্রামের কল্যেণপুর ব্রিজ সংলগ্ন বিলে হাত জাল দিয়ে মাছ না পাওয়ার অভিযোগ উঠেছে। এলাকাবাসীর দাবি, কিছু অসাধু ব্যক্তি রাতে নিষিদ্ধ চায়না কারেন্ট ও দুয়ারী জাল ব্যবহার করে মাছ ধরছেন, যার ফলে বিল থেকে ছোট পোনা মাছসহ সব ধরনের মাছ নিধন হয়ে যাচ্ছে।
স্থানীয় বাসিন্দা ওহিদুল ইসলাম ক্ষোভ প্রকাশ করে বলেন, “হাত জালে মাছ হচ্ছে না। আমি পাঁচ-ছয়বার জাল ফেলার পরও কোনো মাছ পাইনি। কারেন্ট আর দুয়ারী জালে ছোট-বড় সব মাছ আটকা পড়ে যাচ্ছে। ফলে আমরা মাছ শূন্য হয়ে যাচ্ছি।”
এলাকাবাসী আরও জানান, পাশের মুন্দিয়া গ্রামে কিছুদিন আগে প্রশাসনিক কর্মকর্তারা অভিযান চালিয়ে ১২টি কারেন্ট জাল উদ্ধার করলেও বাবরা গ্রামের বিলের ব্যাপারটি এখনো প্রশাসনের নজরে আসেনি। তারা অভিযোগ করেন, একটি অসাধু চক্র রাতের অন্ধকারে বিলে জাল পেতে ভোরে মাছ তুলে নিয়ে যায় এবং সেগুলো স্থানীয় বাজারে বিক্রি করে।
কারা এই কর্মকাণ্ডের সাথে জড়িত—এ প্রশ্নে কেউ সরাসরি নাম প্রকাশ না করলেও কোথায় কোথায় জাল পাতা হয়, তা স্থানীয়রা দেখিয়ে দিয়েছেন।
প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে এলাকাবাসী অবিলম্বে নিষিদ্ধ জাল ব্যবহারকারীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!