
কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি
ঝিনাইদহের কালীগঞ্জে চাঁদা না দেওয়ায় এক ব্যবসায়ী ও তার ছেলেকে হাতুড়ি দিয়ে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটে গত রবিবার দুপুরে কালীগঞ্জ শহরের কলেজ রোড এলাকায়।
ভুক্তভোগী ব্যবসায়ী সুনিল সাহা ও তার ছেলে শোভন সাহা জানান, দুপুরে তাদের ব্যবসা প্রতিষ্ঠানের সামনে জেসন এগ্রোর একটি পিকআপ ভ্যান দাঁড়িয়ে ছিল। এসময় কয়েকজন যুবক চালকের কাছে চাঁদা দাবি করে। চালক টাকা দিতে অস্বীকৃতি জানালে তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে যুবকরা ভ্যানের চাবি ছিনিয়ে নেয়। এ দৃশ্য দেখে এগিয়ে গেলে শোভন সাহাকে প্রথমে ধাক্কাধাক্কি ও মারধর করতে উদ্যত হয় তারা। স্থানীয়রা তখন বিষয়টি মীমাংসা করলে যুবকরা সেখান থেকে সরে যায়।
কিছুক্ষণ পর তুহিন নামের এক যুবকের নেতৃত্বে ৫–৭ জনের একটি দল হাতুড়ি নিয়ে এসে অতর্কিতভাবে শোভন সাহার ওপর হামলা চালায়। এসময় তাকে বেধড়ক কিল-ঘুষি মারার পাশাপাশি হাতুড়ি দিয়ে পেটানো হয়। ছেলেকে রক্ষা করতে এগিয়ে আসলে ব্যবসায়ী সুনিল সাহাকেও তারা মারধর করে আহত করে।
শোভন সাহা ইউনিভার্সিটি অব লিবারেশন আর্টস বাংলাদেশ (ইউল্যাব) থেকে মিডিয়া স্টাডিজ অ্যান্ড জার্নালিজম বিষয়ে অনার্স সম্পন্ন করেছেন। তিনি দীর্ঘদিন ধরে সাংবাদিকতার সঙ্গে যুক্ত এবং বর্তমানে দৈনিক বাংলা৭১-এ কর্মরত।
এ বিষয়ে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, ঘটনাটি শোনা হয়েছে। অভিযোগ পেলে তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে। এদিকে ভুক্তভোগীরা অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

আরও পড়ুন
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল
ক্ষেতলালে পুলিশের সাঁড়াশি অভিযান: ৩১ পিস ট্যাপেনটাডলসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার
বাঘা পৌরসভার প্রকৌশলীর বিরুদ্ধে ঠিকাদারের কাছ থেকে ৪ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ