হোম » সারাদেশ » ধুনটে অনুমোদনহীন সোনাহাটা কেজি স্কুলে ছাত্র-ছাত্রীর আপত্তিকর ভিডিও ভাইরাল: তদন্ত কর্মকর্তা নিয়োগ

ধুনটে অনুমোদনহীন সোনাহাটা কেজি স্কুলে ছাত্র-ছাত্রীর আপত্তিকর ভিডিও ভাইরাল: তদন্ত কর্মকর্তা নিয়োগ

এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধি: বগুড়ার ধুনট উপজেলার নিমগাছি ইউনিয়নের সোনাহাটা বাজারে অবস্থিত অনুমোদনহীন ‘দি নিউ ওপেনার কেজি স্কুল’-এ এক ছাত্র ও ছাত্রীর আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। বিষয়টি এলাকায় ব্যাপক ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি করেছে।

‎গত বৃহস্পতিবার ‘বিনোদন ডট কম’ নামক একটি ফেসবুক আইডি থেকে ১৪ সেকেন্ডের একটি ভিডিও ছড়িয়ে পড়ে, যেখানে ৮ম শ্রেণির এক ছাত্র ও ছাত্রীকে শ্রেণিকক্ষে আপত্তিকর অবস্থায় দেখা যায়। ভিডিওটি ভাইরাল হওয়ার পর স্থানীয়ভাবে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়।

‎সূত্রে জানা যায়, ২০০২ সালে শাহাদত হোসেন নামে এক ব্যক্তি স্কুলটি প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠানটি প্লে থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত সরকারের অনুমোদনপ্রাপ্ত হলেও, ষষ্ঠ থেকে দশম শ্রেণি পর্যন্ত অবৈধভাবে পাঠদান ও ভর্তি কার্যক্রম চালানো হচ্ছে বলে অভিযোগ উঠেছে।

‎স্থানীয় ছাত্রদল ও যুবদলের নেতারা জানান, এই প্রতিষ্ঠানে দীর্ঘদিন ধরে অনৈতিক কর্মকাণ্ড চলছে। সাবেক ছাত্রদল নেতা আল আমিন জানান, স্কুল পরিচালনা পর্ষদের অবহেলার কারণে এর আগেও অনৈতিক কর্মকাণ্ড সংঘটিত হয়েছে। শিক্ষক মিলন রহমান ও শিক্ষিকা রুমানা খাতুনের অনৈতিক সম্পর্কের ঘটনা ধামাচাপা দিতে তাদের বিবাহ সম্পন্ন করা হয়।

‎এমপিওভুক্ত সোনাহাটা বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক শাহ আলম কীভাবে অনুমোদনহীন স্কুলের প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করছেন—এ নিয়ে প্রশ্ন তোলেন স্থানীয় যুবদল নেতা মিনারুল ইসলাম। ছাত্রদল নেতা সিয়াম হোসেন বলেন, স্কুল পরিচালক স্থানীয়ভাবে প্রভাব খাটিয়ে দীর্ঘদিন ধরে অবৈধভাবে প্রতিষ্ঠানটি পরিচালনা করে আসছেন, যা একে ‘কুশিক্ষার আখড়ায়’ পরিণত করেছে।

‎স্কুলের প্রধান শিক্ষক শাহ আলম ভিডিওর সত্যতা স্বীকার করে বলেন, “ঘটনাটি অত্যন্ত দুঃখজনক।” ‎স্কুল পরিচালক শাহাদত হোসেন বলেন, “এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসারের সঙ্গে আলোচনা হয়েছে, আমি আর কাউকে জবাবদিহি করতে বাধ্য নই।”

‎ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খৃষ্টফার হিমেল রিছিল বলেন, “ঘটনার পরপরই উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারকে তদন্ত কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তদন্ত প্রতিবেদন হাতে পাওয়ার পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!