
এম.এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধি: বগুড়ার সারিয়াকান্দিতে একটি পূর্ণাঙ্গ নদীবন্দর গড়ে তোলার লক্ষ্যে সম্ভাব্যতা যাচাই কার্যক্রম শুরু করেছে বিআইডব্লিউটিএ। এই কাজের অংশ হিসেবে ইনল্যান্ড সার্ভে ভেসেল ‘ঝিনাই-২’ বর্তমানে যমুনা নদীতে সার্ভে চালাচ্ছে।
এলাকাবাসীর দাবি, এই নদীবন্দর স্থাপিত হলে বগুড়াসহ রাজশাহী ও রংপুর বিভাগের যোগাযোগ ও ব্যবসা-বাণিজ্যে নতুন দিগন্ত উন্মোচিত হবে।
প্রাচীনকাল থেকেই সারিয়াকান্দি-মাদারগঞ্জ নৌরুট ব্যবহৃত হয়ে আসছে, যা ময়মনসিংহ বিভাগের বিভিন্ন জেলার সঙ্গে যাতায়াতের একটি গুরুত্বপূর্ণ পথ। এই নৌপথ ব্যবহার করে প্রতিদিন কয়েক হাজার যাত্রী চলাচল করেন। তবে তারা ছোট নৌকায় জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করতে বাধ্য হন।
এই দুর্ভোগ লাঘবে বিআইডব্লিউটিএ কয়েক বছর আগে এ রুটে সি-ট্রাক সার্ভিস চালু করলেও স্থায়ী অবকাঠামোর অভাবে যাত্রীদের দুর্ভোগ কমেনি। এ অবস্থায় একটি আধুনিক নদীবন্দর প্রতিষ্ঠা হলে যাত্রীরা নিরাপদ ও স্বাচ্ছন্দ্যে যাতায়াত করতে পারবেন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

আরও পড়ুন
জামালপুরে অস্তিত্বহীন রাইসমিলের নামে সরকারি বরাদ্দের অভিযোগ, খাদ্য বিভাগের ভূমিকা নিয়ে প্রশ্ন
মেলান্দহে ৪ লাখ টাকার হেরোইনসহ ধরা পড়ল স্বামী-স্ত্রী
ডিমলায় একদিনে পাঁচ খাতে সরকারি সহায়তা বিতরণের উদ্বোধন করলেন সংসদ সদস্য