
এইচ এম রুহুল কাদের, চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি
চকরিয়া পৌরসভার ৩ নং ওয়ার্ডের ফুলতলা এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ব্যক্তির মৃত্যু হওয়ার ঘটনা ঘটেছে। শনিবার(১৭ আগষ্ট) সন্ধ্যা আনুমানিক ৬টা ১০ মিনিটের দিকে মুজাফফরের টমটম গ্যারেজে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, মৃত জয়নাল আবেদীন (৪৫), যিনি কৈয়ারবিল ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের দরগাহ পাহাড় গ্রামের বাসিন্দা, তার চালিত টমটম চার্জ দেওয়ার সময় বৈদ্যুতিক লাইনের সংস্পর্শে আসায় বিদ্যুত স্পৃষ্ট হন। ঘটনাস্থলেই তিনি অচেতন হয়ে পড়েন। গ্যারেজে উপস্থিত লোকজন দ্রুত তাকে চকরিয়ার চিরিঙ্গায় অবস্থিত জমজম হাসপাতালে নিয়ে যান।
কিন্তু সেখানে চিকিৎসকদের দ্বারা ভিকটিমের শারীরিক অবস্থার অবনতি লক্ষ্য করা হলে তাঁকে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রেফার করা হয়। সেখানে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চকরিয়া থানার ওসি(তদন্ত) ইয়াসিন মিয়া বলেন, ঘটনার পর থেকে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। মৃতদেহ বর্তমানে থানা পুলিশের হেফাজতে রয়েছে এবং পরবর্তীতে ময়নাতদন্তের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয় এলাকাবাসী এই দুর্ঘটনায় শোকাহত এবং বিদ্যুতের সঠিক নিরাপত্তা বিধি অনুসরণ করার জন্য কর্তৃপক্ষের প্রতি জোরালো আবেদন জানান।

আরও পড়ুন
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
নওগাঁয় সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করায় যুবক আটক