
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি
মৌলভীবাজারের কমলগঞ্জে নিজ বসতঘর থেকে সাবেক ইউনিয়ন ছাত্রদল সভাপতি আব্দুর রাহিম রাফি (২৪)-এর গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে ধারণা করা হলেও নিহতের পরিবার এর কারণ সম্পর্কে কিছু জানাতে পারেনি।
শনিবার (৯ আগস্ট) দুপুরে উপজেলার রহিমপুর ইউনিয়নের সিদ্ধেশ্বরপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রাফি ওই গ্রামের মৃত আব্দুস ছাত্তারের ছেলে এবং মুন্সীবাজার বাজার ব্যবসায়ী সমিতির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল জব্বারের ভাতিজা।
প্রতিবেশী সামি জানান, দুপুর পর্যন্ত দরজা না খোলায় তিনি ডাকতে গেলে খানিকটা খোলা দরজা দিয়ে ভেতরে ঢুকে খাটে রাফির রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখেন। পরে পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়।
নিহতের চাচাতো ভাই জানান, শুক্রবার রাফির স্ত্রী দুই সন্তান নিয়ে বাবার বাড়ি গিয়েছিলেন। রাতে রাফি একাই ঘরে ছিলেন।
মুন্সীবাজার ইউনিয়ন চেয়ারম্যান নাহিদ আহমেদ তরফদার বলেন, রাফি ভালো মানুষ ছিলেন, তার কোনো শত্রুতা ছিল না। হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তির দাবি জানান তিনি।
কমলগঞ্জ থানার ওসি আবু জাফর মো. মাহফুজুল কবির জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তদন্ত চলছে।
এদিকে খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) নোভেল চাকমা ও পিবিআই পরিদর্শক বিকাশ চন্দ্র দাশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

আরও পড়ুন
জামালপুরে অস্তিত্বহীন রাইসমিলের নামে সরকারি বরাদ্দের অভিযোগ, খাদ্য বিভাগের ভূমিকা নিয়ে প্রশ্ন
মেলান্দহে ৪ লাখ টাকার হেরোইনসহ ধরা পড়ল স্বামী-স্ত্রী
ডিমলায় একদিনে পাঁচ খাতে সরকারি সহায়তা বিতরণের উদ্বোধন করলেন সংসদ সদস্য