
কেডি, পিন্ট, চট্টগ্রাম
চট্টগ্রামের লোহাগাড়ায় মাদকাসক্ত বাবার লোভে এক মায়ের কোল খালি হয়ে গিয়েছিল—মাত্র ৩ মাসের নিষ্পাপ কন্যাশিশুটি বিক্রি হয়ে যায় নেশার টাকার বিনিময়ে।
শুক্রবার (৮ আগস্ট) রাত ৯টার দিকে উপজেলার সদর ইউনিয়নের আকবরপাড়া এলাকায় ঘটে এই হৃদয়বিদারক ঘটনা। পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে শিশুটি জান্নাতুল মাওয়া মিমহা-কে উদ্ধার করে মায়ের কোল ফিরিয়ে দেয়। আটক করা হয় তার বাবা মিরাজ উদ্দীনকে (৩০)।
মিরাজ পেশায় অটোরিকশা চালক, মৃত হাফিজুর রহমানের ছেলে। দুই বছর আগে বান্দরবানের নেক্ষ্যংছড়ির বদ্দানঝিরি এলাকার আছারতলি গ্রামের আসমাউল হোসনার সঙ্গে তার বিয়ে হয়। সংসারে একমাত্র সন্তান মিমহার জন্মের পরও বদলায়নি মিরাজের জীবন—মাদকাসক্তি তাকে ঠেলে দিয়েছে অমানবিক এক অপরাধে।
মিমহার মা আসমাউল হোসনার কণ্ঠে অবিরাম কান্না, “আমার স্বামী নিয়মিত মাদক খেত, বাধা দিলেই মারধর করত। কিন্তু আমি কখনো ভাবিনি, সে আমার একমাত্র সন্তানকে বিক্রি করবে।”
লোহাগাড়া থানার ওসি আরিফুর রহমান বলেন, “খবর পেয়ে আমরা তাৎক্ষণিক অভিযান চালিয়ে মছদিয়া এলাকা থেকে শিশুটিকে উদ্ধার করি। প্রাথমিক চিকিৎসা শেষে মায়ের কাছে হস্তান্তর করা হয়েছে। মিরাজের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন।”

আরও পড়ুন
জামালপুরে অস্তিত্বহীন রাইসমিলের নামে সরকারি বরাদ্দের অভিযোগ, খাদ্য বিভাগের ভূমিকা নিয়ে প্রশ্ন
মেলান্দহে ৪ লাখ টাকার হেরোইনসহ ধরা পড়ল স্বামী-স্ত্রী
ডিমলায় একদিনে পাঁচ খাতে সরকারি সহায়তা বিতরণের উদ্বোধন করলেন সংসদ সদস্য