
মারুফ বিল্লাহ রুবেল, শ্যামনগর প্রতিনিধি,
নির্বাচন কমিশনের (ইসি) প্রস্তাবিত সাতক্ষীরা-৪ সংসদীয় আসনের সীমানা পরিবর্তনের প্রতিবাদে শ্যামনগরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২ আগস্ট) সকাল সাড়ে দশটা থেকে শ্যামনগর উপজেলা সদরে ঘন্টাব্যাপী এ কর্মসূচি পালিত হয়। এতে উপজেলা জামায়াতের নেতাকর্মীরাসহ স্থানীয় জনগণ অংশ নেন।
মানববন্ধনকারীরা অবিলম্বে এ সিদ্ধান্ত বাতিলের দাবি জানিয়েছে। তাদের দাবি, পূর্বের সাতক্ষীরার পাঁচটি আসন ফিরিয়ে শুধু শ্যামনগরকে নিয়ে একটি আসন ঘোষণা করা হোক। অন্যথায় ইতিপূর্বে শ্যামনগর ও কালিগঞ্জ আংশিক এলাকা নিয়ে যে সাতক্ষীরা-৪ আসন ছিল সেটি ফিরিয়ে দেওয়া হোক।
উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক মাওঃ গোলাম মোস্তফার সঞ্চালনায় ও উপজেলা জামায়াতের আমির মাওঃ আব্দুর রহমানের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম, নায়েবে আমির মাওলানা মহিউদ্দীন আহমেদ, সহকারী সেক্রেটারি মাস্টার রেজাউল করিম, সহকারী সেক্রেটারি মাওঃ আমিনুর রহমান প্রমুখ।
এর আগে গত ৩০ জুলাই বিকেলে নির্বাচনের কমিশনারের খসড়া প্রকাশের পরপর বিক্ষোভে ফেটে পড়ে মানুষ। পরে ঐদিন রাতেই বিক্ষোভ মিছিল বের করে স্থানীয়রা। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমেও ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।
প্রকাশিত নির্বাচন কমিশনের খসড়া অনুযায়ী, সাতক্ষীরার চারটি আসনের মধ্যে দুইটা আসনের সীমানা পরিবর্তন করা হচ্ছে। এ দুটি হলো সাতক্ষীরা-৩ ও সাতক্ষীরা-৪।
প্রসঙ্গত, শ্যামনগর দেশের সবচেয়ে বড় উপজেলা ও প্রাকৃতিক দুর্যোগপ্রবণ একটি জনপদ। একইভাবে আশাশুনিও প্রাকৃতিক দুর্যোগপ্রবণ একটি উপজেলা। দুটি উপজেলার ভৌগোলিক অবস্থান বা সড়ক যোগােযাগ ব্যবস্থা মোটেও সুবিধাজনক অবস্থানে নেই। উপজেলা দুটির মানুষও কখন এমন আসন বিন্যাসের কথা চিন্তা করেনি।

আরও পড়ুন
সরকারি সহায়তার নামে কোটি টাকার প্রতারণা: চাঁপাইনবাবগঞ্জে ‘মাসকুরা ট্রেডার্স’ এর বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধ
গোপালপুরে বিএনপি’র স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এর বাবা ইন্তেকাল করেছেন
বগুড়ায় ২ বছরের শিশুকে অপহরণ চেষ্টা, প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে হত্যার চেষ্টা