
আব্দুল কাদের, বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর বদলগাছী উপজেলার প্রশাসনিক প্রাণকেন্দ্রে দুঃসাহসিক কীটনাশকের দোকান চুরির ঘটনা ঘটেছে। সোমবার গভীর রাতে বদলগাছী উপজেলা চত্বরে অবস্থিত খাদ্য গুদামের সামনে সার্থক ট্রেডার্স নামে একটি দোকানে ইটের দেয়াল ভেঙে সিনজেনটা কোম্পানীর কীটনাশক মালামাল চুরি করেছে দুর্বৃত্তরা। ঘটনাটি সকালে জানাজানি হতেই এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। স্থানীয়রা বলছেন, উপজেলা চত্বরই যদি নিরাপদ না থাকে, এসব অপরাধমূলক কর্মকান্ড রোধ হবে কিভাবে।
স্থানীয় সূত্রে জানা যায়, রাতের আঁধারে দুর্বৃত্তরা দোকানের পেছনের দেয়াল ভেঙে ভেতরে প্রবেশ করে। এরপর ভিতরে ঢুকে দরজার তালা ভেঙে সিনজেনটা কোম্পানীর গুরুত্বপূর্ণ কীটনাশক চুরি করে নিয়ে যায়। দোকানের ম্যানেজার জাহিদুল ইসলাম জানান, সকালে দোকান খুলে দেখি দোকান ঘরের সবকিছু তছনছ। এরপর দোকানের গোডাউনের পূর্ব দিকের দেয়ালে কাটা অংশ দেখতে পাই। ওই দিক দিয়েই চোরেরা প্রবেশ করে মূল্যবান কীটনাশক মালামাল নিয়ে গেছে। খবর পেয়ে স্থানীয় ব্যবসায়ী, জন প্রতিনিধি ও থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হন।

স্থানীয় ব্যবসায়ীদের অভিযোগ, উপজেলা চত্বরে নিয়মিত নিরাপত্তা প্রহরী ও পুলিশের রাতের টহল থাকার কথা থাকলেও বাস্তবে তা নেই বললেই চলে। এক ব্যবসায়ী ক্ষোভ প্রকাশ করে বলেন, মুখে মুখে নিরাপত্তার আশ্বাস দেওয়া হয়, কিন্তু বাস্তবে কোনো নজরদারি নেই।
সার্থক ট্রেডার্সের মালিক সানজাদ রয়েল সাগর বলেন, চার দিন আগে আমি সিনজেনটা কোম্পানির মালামাল দোকানে তুলেছি। প্রায় ৮ লক্ষ টাকার ক্ষতি হয়েছে আমার। এছাড়া অন্যান্য কোম্পানির কীটনাশক ঔষধ চুরি করে নিয়ে গেছে।
এ বিষয়ে বদলগাছী থানার অফিসার ইনচার্জ আনিসুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। ঘটনাটি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। জড়িতদের শনাক্তে অভিযান চলছে।
এ ঘটনায় স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষ উপজেলা চত্বরে স্থায়ী নিরাপত্তা ব্যবস্থা ও নিয়মিত থানা পুলিশের টহল জোরদার করার দাবি জানিয়েছেন।

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল