হোম » সারাদেশ » ভেড়ামারায় জুট মিলে আগুন; ১০কোটি টাকার ক্ষতি

ভেড়ামারায় জুট মিলে আগুন; ১০কোটি টাকার ক্ষতি

জাহিদ হাসান, ভেড়ামারা (কুষ্টিয়া)
কুষ্টিয়ার ভেড়ামারার ১২মাইল এলাকায় রবিবার (২৭শে জুলাই) আনুমানিক রাত পৌনে ১২টার দিকে আল-আমিন জুট মিলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অগ্নিকান্ডে জুট মিলের মেশিনারিজ ও পাট পুড়ে যায়। এতে প্রায় ১০কোটি টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে জুটমিল কর্তৃপক্ষ জানায়। জুট মিলের সহকারী পরিচালক সাদিকুর রহমান জানান, রবিবার রাত পৌনে বারোটার দিকে হঠাৎ অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। পরে সংবাদ পেয়ে ভেড়ামারা ফায়ার সার্ভিস, ভেড়ামারা থানা পুলিশ, স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। তিনি আরোও জানান, অগ্নিকান্ডে তাদের পাটের বিভিন্ন পণ্য উৎপাদনে মেশিন ও পাট পুড়ে যায়। এত প্রায় ১০কোটি টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে।

ভেড়ামারা থানার ওসি মোঃ আব্দুর রব তালুকদার বলেন, আমি সংবাদ পেয়ে তাৎক্ষণিক সেখানে যায় এবং ফায়ার সার্ভিসকে সহযোগিতা করার জন্য পুলিশকে নির্দেশ দিই এবং পুলিশ আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। সোমবার বেলা ৩টায় ভেড়ামারা ফায়ার সার্ভিস অফিসের স্টেশন অফিসার শরিফুল ইসলাম জানান, আগুন পরিপূর্ণ নিয়ন্ত্রণে আসেনি নিয়ন্ত্রণের কাজ চলছে এবং আগুনের সূত্রপাতের বিষয়ে এখনও নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না তদন্ত চলছে। ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলাম সোমবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেন।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!