হোম » সারাদেশ » জামালপুরে ৭৪ কেজি গাঁজাসহ নারী আটক

জামালপুরে ৭৪ কেজি গাঁজাসহ নারী আটক

রবিউল হাসান লায়ন: জামালপুরের মেলান্দহে মাদকবিরোধী অভিযানে ৭৪ কেজি গাঁজাসহ সুজেদা (৩৮) নামে এক  মাদক কারবারি নারীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি-১)। মঙ্গলবার ভোররাতে উপজেলার রায়ের বাকাই এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত সুজেদা ওই এলাকার বেলাল এর স্ত্রী।

জানা যায়, জেলা গোয়েন্দা শাখার এসআই (নিঃ) মো. এহসানুল হক এর নেতৃত্বে একটি টিম উপজেলার মানকী বাজার এলাকায় অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে পার্শবর্তী রায়ের বাকাই এলাকায় গাঁজা ক্রয়-বিক্রয়ের বিষয়টি জানতে পারে। পরে তাৎক্ষণিকভাবে উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে ওই এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে তারা। অভিযানে মোছা. সুজেদা নামে এক নারী মাদক কারবারিকে আটক করা হয়। এসময় সুজেদার স্বামী বেলাল ও দেবর দুলাল পালিয়ে যায়।

পরে গ্রেপ্তারকৃত ওই নারীর স্বীকারোক্তি অনুযায়ী ঘটনাস্থল থেকে ৪টি সাদা প্লাষ্টিকের বস্তায় স্কচটেপে মোড়ানো মোট ২৮টি প্যাডি গাঁজা উদ্ধার করা হয়, যার মোট ওজন ৭৪ কেজি এবং অনুমানিক বাজারমূল্য ২২ লক্ষ ২০ হাজার টাকা। জেলা গোয়েন্দা শাখা (ডিবি-১) এর অফিসার ইনচার্জ  মো. নাজমুস সাকিব বলেন, ৭৪ কেজি গাঁজাসহ এক মাদক কারবারি নারীকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) এর ১৯(গ)/৪১ ধারায় মামলা রুজু করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং পলাতক আসামীদের গ্রেপ্তার করতে অভিযান চলমান রয়েছে।

জামালপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ)  মো. সোহেল মাহমুদ পিপিএম বলেন, মাদক সমাজ ও রাষ্ট্রের জন্য একটি ভয়াবহ অভিশাপ। তরুণ সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দেওয়ার এ ধ্বংসাত্মক চক্র ভাঙতে জেলা পুলিশ সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিষ্ঠার সঙ্গে কাজ করে যাচ্ছে। জেলা গোয়েন্দা শাখার এই সফল অভিযান জামালপুর জেলাকে মাদকমুক্ত করার লক্ষ্যে আমাদের অঙ্গীকারের প্রতিফলন।

তিনি আরও বলেন,  আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, কোনো অপরাধীই আইনের ঊর্ধ্বে নয়। যারা মাদক ব্যবসার সঙ্গে জড়িত, তারা যতই প্রভাবশালী হোক না কেন, তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!