
মোঃ জামাল শেখ,কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধিঃ গোপালগঞ্জের কাশিয়ানীতে যাত্রীদের কাছ থেকে সরকারি নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগে চার যাত্রীবাহী বাসকে জরিমানা করা হয়েছে। শুক্রবার (১৩ জুন) সন্ধ্যায় যাত্রীদের অভিযোগের ভিত্তিতে উপজেলার ভাটিয়াপাড়া গোল চত্বর বাসস্ট্যান্ডে সেনাবাহিনী ও পুলিশ অভিযান চালায়।
এসময় যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে নড়াইল এক্সপ্রেসের ২ টি বাস ও নড়াইল স্টার এক্সপ্রেস এবং আনন্দ পরিবহনের, বিরুদ্ধে মামলা ও ১২০০০ টাকা জরিমানা করেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মুনমুন পাল।
যাত্রীদের অভিযোগ, পরিবহনগুলো নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত অর্থ নিচ্ছে। তারা বলেন, স্বাভাবিক দিনের ৩০০ টাকার ভাড়া ৫০০ টাকা নিচ্ছে। প্রতিবাদ করলেই বলে গেলে যান আর না গেলে নাই। এ ধরনের অভিযানকে স্বাগত জানিয়েছে অন্যান্য যাত্রীরাও। নাজমুল নামে এক যাত্রী বলেন, এমন অভিযান আমাদের জন্য স্বস্তিদায়ক। এতে পরিবহনখাতে শৃঙ্খলা ফিরে আসবে।
অভিযান পরিচালনার বিষয়ে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মুনমুন পাল জানান, যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় ও হয়রানি করা হচ্ছে গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীকে নিয়ে অভিযান চালানো হয়। অভিযানের খবর পেয়ে বেশ কয়েকটি পরিবহনের কাউন্টারের কর্মীরা পালিয়ে যান। এ সময় নড়াইল এক্সপ্রেস ও নড়াইল স্টার এক্সপ্রেস এবং আনন্দ পরিবহনের কাউন্টার থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের প্রমাণ পাওয়ায় ১২ হাজার টাকা জরিমানা করা হয় এবং এসময় প্রকাশ্যে ধূমপান করায় বাসের হেলপারকে ৩০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
তিনি আরও বলেন, যাত্রীদের ভোগান্তি কমাতে ও পরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা ফিরিয়ে আনতে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।

আরও পড়ুন
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল
ক্ষেতলালে পুলিশের সাঁড়াশি অভিযান: ৩১ পিস ট্যাপেনটাডলসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার
বাঘা পৌরসভার প্রকৌশলীর বিরুদ্ধে ঠিকাদারের কাছ থেকে ৪ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ