
রবিউল হাসান লায়ন: জামালপুরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ উঠেছে জেলা জজ আদালতের আইনজীবী সহকারী এস এম আতাউর রহমানের বিরুদ্ধে। রবিবার দুপুরে সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগী পরিবারের সদস্য মো. আতিকুর রহমান সোহাগ।
তিনি বলেন, তার পিতা মারা যাওয়ার পর তিনি এবং তার ভাই তাদের পৈত্রিক বাড়িতেই বসবাস করে আসছেন। তারা যে ভূমিতে বসবাস করেন সে ভূমিতে তারা ছাড়া অন্য কোন ওয়ারিশ নেই। তবে তাদের চাচা আইনজীবী সহকারী এস এম আতাউর রহমান জোর পূর্বক ওই ভূমিতে রাস্তা নির্মাণের চেষ্টা করে এবং সে চেষ্টায় ব্যর্থ হয়ে আতাউর রহমান দফায় দফায় বেশ কয়েকটি মিথ্যা মামলা দায়ের করে হয়রানি শুরু করে।
তিনি আরও বলেন, আতাউর রহমানের দায়ের করা প্রত্যেকটি মোকদ্দমা আদালতে মিথ্যা প্রামানিত হয় এবং তার বিপক্ষে রায় প্রদান করেন আদালত। এতে আতাউর রহমান ক্ষুব্ধ হয়ে পেশি শক্তি প্রয়োগ করতে থাকেন।
তিনি বলেন, এস এম আতাউর রহমানের জমির সাথে তাদের জমির কোন প্রকার সম্পর্ক নাই। শুধুমাত্র আতাউর রহমানের ক্রয়কৃত জমি থেকে বের হবার কোন রাস্তা না থাকায় তাদের সাথে শত্রুতা পোষণ করে সামাজিক ও আইনী হেনস্তা করে যাচ্ছে।
ভুক্তভোগী পরিবারের সদস্য মিজানুর রহমান শাহীন বলেন, আইনজীবী সহকারী এস এম আতাউর রহমান আমাকে আসামি করে একাধিক মামলা দায়ের করেছে। এসব মিথ্যা মামলার মোকাবিলা করতে গিয়ে আজ আমি নিঃস্ব। আমি এই মামলাবাজ আইনজীবী সহকারীর বিচার চাই।
এ বিষয়ে অভিযুক্ত আইনজীবী সহকারী এস এম আতাউর রহমান সাংবাদিকদের জানান, তার জমির সাথে আতিকুর এবং মিজানুরের জমির কোন সম্পর্ক নাই। আদালতে টাকা দিয়ে তারা তাদের পক্ষে রায় নিয়েছে বলেও অভিযোগ করেন তিনি । সংবাদ সম্মেলন বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন
জামালপুরে অস্তিত্বহীন রাইসমিলের নামে সরকারি বরাদ্দের অভিযোগ, খাদ্য বিভাগের ভূমিকা নিয়ে প্রশ্ন
মেলান্দহে ৪ লাখ টাকার হেরোইনসহ ধরা পড়ল স্বামী-স্ত্রী
ডিমলায় একদিনে পাঁচ খাতে সরকারি সহায়তা বিতরণের উদ্বোধন করলেন সংসদ সদস্য