
মিজানুর রহমান: লালমনিরহাটের পাটগ্রাম ইউনিয়ন ও শ্রীরামপুর ইউনিয়ন সীমান্ত দিয়ে ২০ বাংলাদেশিকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বুধবার রাত সাড়ে ১১টার পর ১১ নারী, ২ পুরুষ ও ৭ শিশুকে পুশইন করা হয়। এরপর বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা তাদেরকে আটক করে বৃহস্পতিবার পাটগ্রাম থানা পুলিশের নিকট হস্তান্তর করেন।
সংশ্লিষ্ট সীমান্তের বিজিবি ও পাটগ্রাম থানা পুলিশ এ তথ্য নিশ্চিত করেছে। বিজিবি ও থানা পুলিশ জানায়, পাটগ্রাম সদর ইউনিয়নের বাংলাদেশ-ভারত সীমান্তের প্রধান পিলার ৮২৬ নম্বরের ৬ নম্বর উপ-পিলারের রহমতপুর গাটিয়ারভিটা সীমান্ত এলাকা দিয়ে ভারতের কোচবিহার রাজ্যের মেখলিগঞ্জ ৯৮ বিএসএফ ব্যাটালিয়নের গোমতি ক্যাম্পের সদস্যরা ৭ নারী ও ৪ শিশুকে পুশইন করে। এ সময় ৬১ বিজিবি (তিস্তা-২) ব্যাটালিয়নের ধবলসুতি ক্যাম্পের সদস্যরা বাংলাদেশের ৪শ গজ অভ্যন্তর থেকে পুশইনের শিকার নারী, শিশুদেরকে আটক করে।
অপরদিকে ভোর ৫টার দিকে একই উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের বাংলাদেশ-ভারত সীমান্তের প্রধান পিলার ৮৪৬ নম্বরের ৪ নম্বর উপ-পিলারের ঝালঙ্গী পকেট সীমান্ত দিয়ে ভারতের কোচবিহার রাজ্যের মেখলিগঞ্জের জামালদহ ৯৮ বিএসএফ ব্যাটালিয়নের মহানদী ক্যাম্পের সদস্যরা ৩ শিশু, ৪ নারী ও ২ জন পুরুষকে পুশইন করে। পুশইনের ঘটনা টের পেয়ে ৬১ বিজিবি (তিস্তা-২) ব্যাটালিয়নের ঝালঙ্গী ক্যাম্পের সদস্যরা বাংলাদেশের ৫শ গজ অভ্যন্তর থেকে পুশইনের শিকার নারী, শিশু ও পুরুষদেরকে আটক করেন। আটকরা জানায়, গত একমাস ধরে ভারতের গুজরাটের জেলহাজতে রাখার পর সীমান্ত দিয়ে বাংলাদেশে ঠেলে দেওয়া হয়।
এ বিষয়ে পাটগ্রাম থানার ওসি মিজানুর রহমান বলেন, ভারত থেকে বিএসএফ কর্তৃক সীমান্ত দিয়ে ২০ নারী, শিশু ও পুরুষকে বাংলাদেশে পুশইন করেছে। বিজিবি তাদের থানায় হস্তান্তর করেছে। তাদের নাগরিকত্ব যাচাই করা হচ্ছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আরও পড়ুন
বগুড়া শাজাহানপুরে ধর্ষণ মামলার পলাতক কিশোর গ্রেপ্তার
সিরাজগঞ্জে কিশোর গ্যাংয়ের প্রধান বাবু মিয়া ও রিজভীকে গ্রেপ্তারের দাবিতে প্রতিবাদ সভা
সিরাজগঞ্জে বাসচাপায় স্বামী-স্ত্রীসহ নিহত ৩