হোম » সারাদেশ » ভৈরব নদীর জমি দখলে আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে অভিযোগ

ভৈরব নদীর জমি দখলে আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে অভিযোগ

মো:রাফাত হোসেন,কালীগঞ্জ, ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জে ভৈরব নদীর জমি দখলের অভিযোগ উঠেছে ইউনিয়ন আওয়ামী লীগের এক নেতার বিরুদ্ধে। অভিযোগ রয়েছে, কালীগঞ্জ উপজেলার কাষ্টভাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাশেদ শমসের ও তাঁর দুই ভাই দীর্ঘদিন ধরে নদীর জমি দখল করে সেখানে চাষাবাদ করছেন। স্থানীয় বাসিন্দা ও কৃষকদের ভাষ্য, ভৈরব নদীর অন্তত অর্ধশত বিঘারও বেশি জমি ওই তিন ভাইয়ের নিয়ন্ত্রণে রয়েছে। এর মধ্যে রাশেদ শমসের ছাড়াও রয়েছেন তার দুই ভাই শফিকুল শমসের ও তরিকুল শমসের। তারা নদীর পাড় ঘেষে পাকা প্রাচীর নির্মাণ করেছেন, যাতে কেউ নদীতে প্রবেশ করতে না পারেন। ঘোষপাড়া ও সাদিকপুর গ্রামের বেশ কয়েকজন বাসিন্দার সঙ্গে কথা বলে জানা যায়, নদীর দুই পাশজুড়ে এখন শস্যখেত। তবে এসব খেতে স্থানীয় কৃষকদের প্রবেশের সুযোগ নেই। কৃষক সাজ্জাদ হোসেন বলেন, ‘নদীর দুই পাড় পুরো দখলে। আমরা নদীতে নামতেই পারি না। ব্রিজের পাশে দেওয়াল তুলে দেওয়া হয়েছে, যেন কৃষকরা একফোঁটা পানিও না পান।’

এলাকার আরও কয়েকজন জানান, নদীর পাড়ে শেখ মুজিবুর রহমানের মুর‍্যাল তৈরি করে এবং একটি কলেজ স্থাপন করে জমি দখলের বৈধতা দেখানো হচ্ছে। কলেজটি সরকারি করার পেছনেও রাজনৈতিক প্রভাব ছিল বলে দাবি তাঁদের। স্থানীয় বাসিন্দা জাহাঙ্গীর আলম সর্দার বলেন, ‘শেখ হাসিনা সরকারের ছত্রছায়ায় রাশেদ শমসের ও তার ভাইয়েরা জমিগুলো নিজেদের নিয়ন্ত্রণে রেখেছেন।’ ব্যবসায়ী নজরুল ইসলাম বলেন, ‘আমার কেনা জমির নিচে নদীর কিছু অংশ ছিল। সেটি দখল করে তাতে ছাতা বসানো হয়েছে। এখন আমার জমির ওপরও প্রাচীর তোলা হচ্ছে। আমি আদালতের শরণাপন্ন হলে ১৪৪ ধারা জারি হয়, কিন্তু তবুও কাজ থামানো হয়নি।’ অভিযোগের বিষয়ে রাশেদ শমসেরের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। তবে তার ভাই শফিকুল শমসের ছাতা বসানোর বিষয়টি স্বীকার করে বলেন, ‘এটা স্থায়ী নয়। চাইলে ভেঙে দেব।’ নজরুল ইসলামের জমি দখলের অভিযোগ মিথ্যা বলেও দাবি করেন তিনি।

ঝিনাইদহ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রঞ্জন কুমার দাস প্রথম আলোকে বলেন, ‘নদীর জায়গা দখল করে কেউ চাষাবাদ করতে পারে না। আমরা শিগগিরই মাঠপর্যায়ে লোক পাঠিয়ে যাচাই করব। যদি দখলের প্রমাণ পাওয়া যায়, তাহলে উচ্ছেদের উদ্যোগ নেওয়া হবে।’

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!