হোম » সারাদেশ » ঝিনাইদহে পুলিশের অভিযানে ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ী আটক

ঝিনাইদহে পুলিশের অভিযানে ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ী আটক

মো: রাফাত হোসেন,কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ১৫ বোতল ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। বুধবার (৭ মে) সকাল ১০টার দিকে উপজেলার বাদেডিহি গ্রামে এ অভিযান চালানো হয়।

অভিযানে নেতৃত্ব দেন কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম হাওলাদার। আটককৃতরা হলেন, যশোর জেলার চৌগাছা উপজেলার বাগপাড়া গ্রামের মৃত আমজেদ হোসেনের ছেলে আবু জেহেল বাবু (৫৫) এবং ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার বাদেডিহি গ্রামের মৃত আমজাদ হোসেনের ছেলে সোহাগ হোসেন (৩৫)। ওসি শহিদুল ইসলাম হাওলাদার জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, দুই ব্যক্তি মাদকদ্রব্য ফেনসিডিলসহ বাদেডিহি গ্রামে অবস্থান করছে এবং সেখানে মাদকের লেনদেনের প্রস্তুতি চলছে।

এ তথ্যের ভিত্তিতে পুলিশ তাৎক্ষণিকভাবে অভিযান চালায়। অভিযানে বাদেডিহি গ্রামের সালাউদ্দিনের বাড়ির পাশ থেকে আবু জেহেল বাবু ও সোহাগ হোসেনকে আটক করা হয়। তল্লাশিকালে তাদের কাছ থেকে ১৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। আটককৃতরা দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে কালীগঞ্জসহ আশপাশের এলাকায় সরবরাহ করে আসছিল বলে জানিয়েছে পুলিশ। গ্রেপ্তারের পর তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

বুধবার দুপুরেই তাদের ঝিনাইদহ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। মাদকবিরোধী অভিযানে নিয়মিত নজরদারি ও কঠোর অবস্থানের কথা জানিয়ে ওসি শহিদুল ইসলাম বলেন, “কালীগঞ্জ থানা পুলিশ মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে রয়েছে। এলাকার যুব সমাজকে রক্ষা করতে এবং মাদক চক্র নির্মূলে আমাদের অভিযান অব্যাহত থাকবে।”

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!