
হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা সীমান্তে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে এক যুবককে ধরে নিয়ে গিয়ে তার চোঁখে গুলি করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। এ ঘটনায় সীমান্ত জুড়ে উত্তেজনা বিরাজ করছে।
আজ বুধবার দুপুরে উপজেলার মধ্য সিঙ্গিমারী সীমান্তের ৮৯৪নং মেইন পিলালের সাব ৬ এস পিলারের কাছে এ ঘটনা ঘটে। আহত হাসিবুল আলম (২৪) ওই এলাকার জাহিদুল ইসলামের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, হাসিবুলসহ কয়েকজন ওই সীমান্তে বাংলাদেশের অভ্যন্তরীণ জমিতে ঘাস কাটতে যায়। এ সময় ভারতের শীতলকুচি এলাকার নগর সিঙ্গিমারী ক্যাম্পের বিএসএফ’র টহল দল বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে। পরে পিছন থেকে হাসিবুলকে আটক করে ভারতের অভ্যন্তরে নিয়ে যায়। এসময় বিএসএফ’র গাড়িতে তোলার সময় তার চোখে গুলি করে। পরে বিএসএফ তাকে কুচবিহারের একটি হাসপাতালে ভর্তি করে বলে একটি সূত্র জানিয়েছেন।
এ বিষয়ে একাধিকবার যোগাযোগ করা হলেও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কোন কথা বলতে রাজি হয়নি। তবে নাম না প্রকাশ করা শর্তে বিজিবির একটি সূত্র জানায়, এ ঘটনাকে কেন্দ্র করে বিজিবি-বিএসএফ’র মধ্যে পতাকা বৈঠকের প্রস্তুতি চলছে।
হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহামুদুন-নবী জানান, সীমান্তবর্তী লোকজন তাকে জানিয়েছেন হাসিবুল নামে এক যুবককে ভারতীয় বিএসএফ সীমান্ত থেকে ধরে নিয়ে গিয়ে গুলি করেছে। এ বিষয়ে বিস্তারিত জানার চেষ্টা চলছে।

আরও পড়ুন
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল
ক্ষেতলালে পুলিশের সাঁড়াশি অভিযান: ৩১ পিস ট্যাপেনটাডলসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার
বাঘা পৌরসভার প্রকৌশলীর বিরুদ্ধে ঠিকাদারের কাছ থেকে ৪ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ