
এম আর ওয়াসিম ওয়াসিম ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি : কিশোরগঞ্জের ভৈরব হাইওয়ে থানায় ৪ লাখ টাকা পুঁজি খাটিয়ে সড়কে পরিবহন সেক্টরের চাঁদাবাজি নিয়ন্ত্রণের অভিযোগ উঠেছে রুবেল রহমান নামে যুবদল নেতার বিরুদ্ধে। অভিযুক্ত যুবদল নেতা রুবেল রহমান পৌর ৪নং ওয়ার্ড যুবদলের সাংগঠনিক সম্পাদক।
সড়কে পরিবহন সেক্টরের চাঁদাবাজি নিজের নিয়ন্ত্রণে নিতে ভৈরব হাইওয়ে থানায় দায়িত্বপালনকালে ওসি মো: সাজু মিয়া ও মোহাম্মদ নূর নামে দুইজন ওসির বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে তাদেরকে ভৈরব থেকে সরানোর জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলার কথিত সাংবাদিক সিজান আহমেদ সোহাগ মাধ্যমে ষড়যন্ত্রে লিপ্ত হয়। এই ষড়যন্ত্রের অংশ হিসেবে দুই ওসিকে ভৈরব হাইওয়ে থানা থেকে বদলিও করা হয় বলে অভিযুক্তরা বিভিন্ন মহলে প্রচার করে বেড়ায়।
অভিযোগ রয়েছে, আখাউড়া উপজেলার কথিত সাংবাদিক সিজান আহমেদ ক্রাইম পেট্রোল বিডি নামক একটি অনলাইন নিউজ পোর্টালে মোটা অংকের টাকার বিনিময়ে হাইওয়ে থানা পুলিশের মাসোহারা ও বিভিন্ন অপকর্মে নিয়ে সংবাদ প্রকাশ করে। আর এধরণের নিউজ করিয়ে সড়ক নিয়ন্ত্রণের চেষ্টা করে যুবদল নেতা রুবেল রহমান ও কথিত সাংবাদিক সিজান আহমেদ সোহাগ । ওই দুই ব্যক্তির কথা মতে পুলিশ না চললে কোনো ওসিকেই শান্তিতে ভৈরব হাইওয়ে থানায় চাকুরী করতে দিবেনা এমন প্রচারণা তারা নিজেরাই করে বেড়াচ্ছে। বর্তমান ওসিও তাদের কথা না শুনলে তার বিরুদ্ধেও নিউজ করিয়ে বদলী করা হবে এমন ধরনের বক্তব্যের একটি ভিডিও রেকর্ড পাওয়া গেছে।
অভিযোগ রয়েছে, গত কয়েক মাস ধরে দলের নাম ভাঙ্গিয়ে রুবেল রহমানের নেতৃত্বে প্রভাব খাটিয়ে ভৈরব হাইওয়ে থানা ওসির নাম ভাঙ্গিয়ে ভৈরব কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কের বাজিতপুর, কটিয়াদি, আগরপুর ও ঢাকা সিলেট মহাসড়কের মরজাল, বারৈচা, মাহমুদাবাদ ভৈরবে চলাচলকৃত সিএনজি চালিত অটোরিকশা, টমটম, থ্রি হুইলার, ইট ও বালুর ট্রাক্টর থেকে স্টীকার বাণিজ্যের মাধ্যমে আনুমানিক ১০লাখ থেকে ১২ লাখ টাকা মাসোহারা আদায়ের অভিযোগে সংবাদ প্রকাশিত হয়।
বর্তমান ওসিকেও বাগে আনতে ভৈরব হাইওয়ে থানার ওসিকে ৪লাখ টাকা দিয়ে ম্যানেজ করার অভিযোগ পাওয়া গেছে।
তাছাড়া সাংবাদিক সিজান আহমেদ সোহাগ ও তার বস সরকারি ভাবে অনিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল ক্রাইম প্রেট্রোল বিডি এর চেয়ারম্যান আলতাফ হোসেন এর বিরুদ্ধে ভৈরব,কটিয়াদি সহ ব্রাহ্মণবাড়িয়া ও কিশোরগঞ্জ জেলার বিভিন্ন পরিবহন সেক্টর থেকে মোটা অঙ্কের মাসোহারা আদায়ের অভিযোগ রয়েছে।
এ বিষয়ে বিভিন্ন সরকারী গোয়েন্দা সংস্থা ও সংশ্লিষ্ট কতৃপক্ষ গোপন তদন্ত করলে যুবদল নেতা রুবেল রহমান ও সাংবাদিক সিজান আহমেদ সোহাগ এর অপকর্মের ফিরিস্তি বেরিয়ে আসবে বলে পরিবহন সংশ্লিষ্টের অভিমত।
এসব বিষয়ে ভৈরব পৌর শ্রমিক দল সভাপতি মোহাম্মদ সিয়াম মিয়ার সাথে কথা হলে তিনি জানান, ভৈরব পৌর ৪নং ওয়ার্ড যুবদল নেতা রুবেল রহমানের বিভিন্ন অপকর্মের কথাগুলো আমার কানে আসছে। তার এসব কর্মকান্ডে যুবদল সহ বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে। তার এসব কর্মকাণ্ড বন্ধ না হলে বিএনপির ভাবমূর্তি চরমভাবে ক্ষুন্ন হবে। সেই সাথে ভৈরব হাইওয়ে থানার পুলিশেরও ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে বলে দাবি করেন।
এ বিষয়ে যুবদল নেতা রুবেল রহমানকে একাধিক বার ফোন করেও তার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল