হোম » সারাদেশ » সোনারগাঁয়ে ঘুরতে গিয়ে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত

সোনারগাঁয়ে ঘুরতে গিয়ে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত

মোঃ কবির হোসেন. সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঘুরতে গিয়ে ফেরার পথে অজ্ঞাত বাসের ধাক্কায় মোটর সাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। তারা দুইজন বন্ধু। গত বুধবার রাত ১০টার দিকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের উপজেলার টিপুরদী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন রাজধানী ঢাকার নন্দীপাড়া এলাকার বদিউজ্জামানের ছেলে কামরুজ্জামান টুটুল (৪১)। তিনি একজন ব্যবসায়ী এবং  মো. হাবিব (৪০) একই এলাকার আবদুল বাতেনের ছেলে। তিনি ফিনল্যান্ড প্রবাসী। গতকাল বৃহস্পতিবার কাঁচপুর হাইওয়ে থানার ওসি কাজী ওয়াহিদ মোর্শেদ সড়ক দূর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

কাচঁপুর হাইওয়ে থানার ওসি কাজী ওয়াহিদ মোর্শেদ জানান, কামরুজ্জামান টুটুল ও হাবিব তারা দুই বন্ধু মোটরসাইকেল যোগে গত বুধবার সোনারগাঁয়ে ঘুরতে আসে। রাত ১০টার দিকে তারা বাসায় ফেরার পথে টিপুরদী এলাকায় ইউটার্ন নেওয়ার সময় পেছন থেকে একটি অজ্ঞাত বাস তাদের মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি উল্টে গিয়ে দুই বন্ধু মহাসড়কে ছিটকে পড়েন। ঘটনাস্থলেই টুটুল মারা যান। আর হাবিবকে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ওসি আরো জানান, তারা সোনারগাঁয়ে বেড়াতে এসে মেঘনা নদীতে গোসল ও সোনারগাঁ জাদুঘর ঘুরে রাতে বাড়ি ফেরার পথে এ দুর্ঘটনায় পড়েন। তবে এ ঘটনায় ঘাতক বাস ও এর চালক ও হেলপারকে আটক করা সম্ভব হয়নি।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!