
মোহাম্মদ খোরশেদ হেলালী কক্সবাজার: কক্সবাজারের চকরিয়া উপজেলার বিএমচর ইউনিয়নের কইন্যারকুম এলাকায় মাতামুহুরী নদী থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে বদরখালী নৌ পুলিশের একটি দল লাশটি উদ্ধার করে। বুধবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন বদরখালী নৌ পুলিশ ফাঁড়ির পুলিশ পরিদর্শক নাজিম উদ্দিন।
নিহত যুবকের নাম মোহাম্মদ হাসান মুরাদ ওরফে মানিক (২৮)। তিনি চকরিয়া উপজেলার সাহারবিল ইউনিয়নের পশ্চিম নয়াপাড়া এলাকার জসিম উদ্দিনের ছেলে। বুধবার (১৯ ফেব্রুয়ারি) সকাল নয়টার দিকে লাশটি ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
নিহত যুবকের পরিবার সুত্রে জানা গেছে , হাসান মুরাদ বেশ কিছুদিন সংযুক্ত আরব আমিরাতে ছিলেন। তবে তিন বছর আগে তিনি দেশে ফিরে আসেন। গত সোমবার রাত সাড়ে নয়টার দিকে এক ব্যক্তি তাঁকে ঘর থেকে ডেকে নিয়ে যান। এর পর থেকে তাঁর খোঁজ মিলছিলনা। মুঠোফোনও বন্ধ পাওয়া যায়। এর মধ্যে গতকাল রাতে খবর পান, বিএমচর ইউনিয়নের কইন্যারকুম এলাকায় মাতামুহুরী নদীতে একটি লাশ ভাসছে। পরে হাসান মুরাদের বাবা জসিম উদ্দিন ঘটনস্থলে গিয়ে লাশটি তাঁর ছেলের বলে শনাক্ত করেন।
নিহত যুবকের বাবা জসিম উদ্দিন বলেন, তাঁর ছেলেকে ঘর থেকে ডেকে নিয়ে গিয়ে হত্যা করা হয়েছে। কে বা কারা তাঁকে হত্যা করেছে, তা স্পষ্ট না করলেও তিনি বলেন, টাকাসংক্রান্ত ঝামেলার কারণে তাঁর ছেলেকে মেরে ফেলা হয়েছে।
বদরখালী নৌ পুলিশ ফাঁড়ির পুলিশ পরিদর্শক নাজিম উদ্দিন বলেন, নিহত যুবকের কোমরের নিচে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। আর কোথাও জখম দেখা যায়নি। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে বিস্তারিত জানা যাবে।

আরও পড়ুন
জামালপুরে অস্তিত্বহীন রাইসমিলের নামে সরকারি বরাদ্দের অভিযোগ, খাদ্য বিভাগের ভূমিকা নিয়ে প্রশ্ন
মেলান্দহে ৪ লাখ টাকার হেরোইনসহ ধরা পড়ল স্বামী-স্ত্রী
ডিমলায় একদিনে পাঁচ খাতে সরকারি সহায়তা বিতরণের উদ্বোধন করলেন সংসদ সদস্য