
আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধিঃ ফরিদপুরের আলফাডাঙ্গায় বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন ও স্বেচ্ছায় রক্তদানে উদ্বুদ্ধকরণ বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার বানা ইউনিয়নের কোনাগ্রাম পূর্বপাড়া এলাকায় এ কর্মসূচির আয়োজন করেন বসুধা সোসাইটি ডেভেলপমেন্ট কমিটির আস্থা মানবিক রক্তদান ফাউন্ডেশন নামে একটি সংগঠন।
ক্যাম্পেইন চলাকালে শতাধিক মানুষের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়, স্বেচ্ছায় রক্তদানে তরুণদের উদ্বুদ্ধ করা ও সচেতন সম্পর্কে আলোচনা করা হয়। পাশাপাশি রক্তের গ্রুপ সংগ্রহ করে একটি ডাটাবেইজ তৈরী করা হয়। প্রয়োজনের সময় গরীব রোগিদের এই ডাটাবেইজ থেকে বিনামূল্যে রক্ত সরবরাহ করা হবে।
রক্তের গ্রুপ পরীক্ষা করতে আসা রোকসানা বেগম (৫২) জানান, তার রক্তের গ্রুপ কি তা সে কোনদিনই জানতো না। আজ এখানে এসে পরীক্ষার মাধ্যমে জানতে পেরে বেশ ভালো লাগছে। একই অনুভূতি জানালেন কোনাগ্রাম এলাকার বৃদ্ধ মুনছুর খন্দকার (৮০)। তিনি বলেন, বৃদ্ধ বয়সে আজ আমি রক্তের গ্রুপ জানতে পারলাম। এতে খুব ভাল লাগছে। আমি এখন বলতে পারি আমার রক্তের গ্রুপের নাম।
সংগঠনটির সদস্যরা জানান, রক্তদানের মাধ্যমে অনেক অনাকাঙ্ক্ষিত মৃত্যু প্রতিরোধ করা বা জীবন বাঁচানো গেলেও কার রক্তের গ্রুপ কী তা অনেকেই জানেন না। বিশেষ করে গ্রামাঞ্চলের মানুষ এ ব্যাপারে সবচেয়ে বেশি অসচেতন। তাই বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইনের উদ্যোগ নেওয়া হয়েছে।
এসময় রক্তযোদ্ধা হিসেবে পরিচিত সুমন রাফি, আস্থা মানবিক রক্তদান ফাউন্ডেশনের পরিচালক শাকিল আহমেদ, সহকারী পরিচালক মনির হোসেন সহ সংগঠনটির সদস্যরা বক্তব্য দেন।

আরও পড়ুন
জামালপুরে অস্তিত্বহীন রাইসমিলের নামে সরকারি বরাদ্দের অভিযোগ, খাদ্য বিভাগের ভূমিকা নিয়ে প্রশ্ন
মেলান্দহে ৪ লাখ টাকার হেরোইনসহ ধরা পড়ল স্বামী-স্ত্রী
ডিমলায় একদিনে পাঁচ খাতে সরকারি সহায়তা বিতরণের উদ্বোধন করলেন সংসদ সদস্য