হোম » সারাদেশ » পঞ্চগড়ে বিএসএফের গুলিতে বাংলাদেশী নিহত

পঞ্চগড়ে বিএসএফের গুলিতে বাংলাদেশী নিহত

পঞ্চগড় জেলা প্রতিনিধি: পঞ্চগড় সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আনোয়ার হোসেন (৪০) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। নিহত ব্যক্তি তেতুঁলিয়া উপজেলার দেবনগড় ইউনিয়নের দেবনগড় গ্রামের রফিকুল ইসলামের ছেলে।

ঘটনাটি শুক্রবার ভোরে পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের মোমিনপাড়া সীমান্তের বিপরীতে ভারতের শিংপাড়া সীমান্ত এলাকায় ঘটে। নিহতের মরদেহ দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী (বিজিবি)।

বিজিবি ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার গভীর রাতে কয়েকজন বাংলাদেশির সঙ্গে ভারতে গরু আনতে যান আনোয়ার হোসেন। শুক্রবার ভোরে গরু নিয়ে ফেরার পথে ভারতের ৯৩ বিএসএফ ব্যাটালিয়নের চানাকিয়া ক্যাম্পের সদস্যরা তাদের ধাওয়া করে। এ সময় গুলি ছোড়া হয়।

পঞ্চগড়ের ঘাগড়া বিজিবি ক্যাম্পের সদস্যরাও গুলির শব্দ পেয়ে চোরাচালান প্রতিরোধে আট রাউন্ড ফাঁকা গুলি ছোড়েন। পরে বিএসএফ আনোয়ারের মরদেহ নিয়ে যায়।

নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ মোঃ বদরুদ্দোজা জানিয়েছেন, সীমান্তের এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র প্রতিবাদ জানানো হবে। পতাকা বৈঠকের মাধ্যমে মরদেহ ফেরত আনার চেষ্টা চলছে।

ঘটনার পর বিজিবি বাংলাদেশের সীমান্ত থেকে একটি ভারতীয় গরু জব্দ করেছে।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!