
শেরপুরের ভায়াডাঙ্গায় বারোয়ারী মন্দিরে দুর্গাপূজার প্রস্তুতাধীন প্রতিমা ভাঙ্গচুরের ঘটনা ঘটেছে, এমন মিথ্যা সংবাদ প্রচারের প্রতিবাদে শ্রীবরদীতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ ২ সেপ্টেম্বর সোমবার দুপুরে শ্রীবরদী বাজারস্থ শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দির প্রাঙ্গনে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ শেরপুর জেলা ও শ্রীবরদী উপজেলা শাখা এ সংবাদ সম্মেলনের আয়োজন করে।
সংবাদ সম্মেলনে পরিষদের জেলা শাখার আহ্বায়ক জিতেন্দ্র মজুমদার ও সদস্য সচিব সুব্রত চন্দ্র দে স্বাক্ষরিত লিখিত বক্তব্য পাঠ করেন পরিষদের সিনিয়র যুগ্ম আহ্বায়ক বিপ্লব দাম ঠান্ডু। সিনিয়র যুগ্ম আহ্বায়ক বিপ্লব দাম ঠান্ডু লিখিত বক্তব্যে জানান, শ্রীবরদী উপজেলার ভায়াডাঙ্গা বাজারে দুইটি মন্দিরের কমিটি নিয়ে দুই পক্ষের দ্বন্দ্ব রয়েছে। গত ১ সেপ্টেম্বর রবিবার সকালে বারোয়ারী মন্দিরের তালার চেইন কেটে আসন্ন দুর্গাপূজার জন্য প্রস্তুতাধীন প্রতিমাগুলো একত্র করে রাখা হয়। পরে খবর পেয়ে জেলা পূজা উদযাপন কমিটির একটি প্রতিনিধি দল সরেজমিনে মন্দিরটি পরিদর্শন করে এবং প্রতিমাগুলো অক্ষত অবস্থায় দেখতে পায়। ঘটনাস্থল ভায়াডাঙ্গায় সাম্প্রদায়িক সম্প্রীতি অত্যন্ত সুদৃঢ় অবস্থায় রয়েছে। তবে প্রতিমাগুলো একত্রে রাখার বিষয়টিকেই গণমাধ্যমে ভুলভাবে উপস্থাপন করা হয়েছে বলে জানান তাঁরা। বিপ্লব দাম ঠান্ডু আরও বলেন, কমিটির দ্বন্দ্বের কারণে পূজা মন্ডপ অন্যত্র স্থানান্তরের উদ্দেশ্যে ওই মন্দিরে প্রতিমাগুলো একত্র করে রাখা হয়েছিল। ওখানে আগুন দেওয়া বা প্রতিমা ভাঙ্গচুরের মতো কোন ঘটনা ঘটেনি। বর্তমান কমিটিকে প্রশ্নবিদ্ধ করার জন্যই অপর পক্ষ পরিকল্পিতভাবে এ ধরণের হীন ষড়যন্ত্রের মাধ্যমে মিথ্যা তথ্য দিয়ে উদ্দেশ্যমূলকভাবে ভুল সংবাদ পরিবেশন করিয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন পরিষদের যুগ্ম আহ্বায়ক সুজিত দাস সুমন, মিঠুন চন্দ্র পাল, রাজন চন্দ্র দাস, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সেতু সাহা, কোষাধ্যক্ষ নব কুমার সাহা, উপজেলা যুব ঐক্য পরিষদের সভাপতি লিটন প্রসাদ রায়, পৌর যুব ঐক্য পরিষদের সভাপতি রতন কুমার সাহা, কার্যকরী সদস্য প্রনব সাহা, ভায়াডাঙ্গা সার্বজনীন দুর্গা মন্ডপ কমিটির সভাপতি সাজু ভাস্কর, সাধারণ সম্পাদক বীরগুণ রবি দাস, খিরু রাজ ভয়, রিনা রানী প্রমুখ।
জেলা পূজা উদযাপন পরিষদের সদস্য সচিব সুব্রত চন্দ্র দে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, ভায়াডাঙ্গায় দুটি মন্দিরের মধ্যে কোন মন্দিরে দুর্গা পূজার মন্ডপ হবে সেটি নিয়ে মতবিরোধ ও দ্বন্দ্ব সৃষ্টি হয়। ইতোমধ্যে আমরা দুপক্ষকেই বলেছি, যাতে তাঁরা নিজেদের মধ্যে সমঝোতা করে নেয়। তা না হলে জেলা পূজা উদযাপন পরিষদের পক্ষ থেকে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। এ ব্যাপারে শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাইয়ুম খান সিদ্দিকী সাংবাদিকদের বলেন, ভায়াডাঙ্গায় প্রতিমা ভাংচুরের অভিযোগে সাজু ভাস্কর বাদী হয়ে একটি লিখিত অভিযোগ দিয়েছেন। এ বিষয়ে তদন্ত সাপেক্ষে প্রকৃত ঘটনা কি, সেটি বেরিয়ে আসবে।
-মোঃ শরিফ উদ্দিন-

আরও পড়ুন
বাঘা পৌরসভার প্রকৌশলীর বিরুদ্ধে ঠিকাদারের কাছ থেকে ৪ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ
নওগাঁয় সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত পরিবারে আর্থিক সহযোগিতা প্রদান
দশ মাসের আত্মগোপনের অবসান: র্যাবের অভিযানে ধরা মমিনুল হত্যা মামলার আসামি