
আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধিঃ মোবাইল আসক্তি মাদকের চেয়েও ভয়াবহ। এর মাধ্যমে বাচ্চাদের মেধার বিকাশ হচ্ছে না। মেধা বিকাশে মোবাইল আসক্তি থেকে দূরে রাখতে হবে বাচ্চাদের। বই পড়ায় অভ্যস্ত করতে হবে।
মঙ্গলবার (১৬ জুলাই) বিকালে ইভটিজিং, বাল্য বিবাহ, যৌতুক প্রথা, মাদক ও মোবাইল অপব্যবহার প্রতিরোধে এক অভিভাবক সমাবেশে এসব কথা বলেন ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সারমীন ইয়াছমীন।
উপজেলার নওয়াপাড়া মাধ্যমিক বিদ্যালয়ে আয়োজিত সমাবেশে সভাপতির বক্তব্যে ইউএনও বলেন, প্রযুক্তি যত সহজলভ্য হচ্ছে, বড়দের প্রতি শ্রদ্ধাবোধ আর ভালোবাসা ততই বিলুপ্ত হয়ে যাচ্ছে। মানুষের আচরণ দেখে সমাজের ছোট-বড় পার্থক্য করা আজ কষ্টসাধ্য হয়ে দাঁড়িয়েছে। না আছে বড়দের সম্মান, না আছে শ্রদ্ধাবোধ।
অভিভাবককের উদ্দেশ্যে ইউএনও সারমীন ইয়াছমীন আরও বলেন, সাধারণত পারিবারিক শিক্ষার ওপর নির্ভর করে একজন শিশুর মানসিক বিকাশ। শুধু সন্তানদের তথাকথিত শিক্ষিত করে গড়ে না তুলে সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে হবে। ভালোবাসা, মূল্যবোধ, সহমর্মিতা, ভ্রাতৃত্ববোধ, নৈতিকতার শিক্ষা সন্তানকে পরিবার থেকে দিতে হবে। সে কার সঙ্গে মিশছে, কেমন পরিবেশে চলাফেরা করছে, বন্ধুবান্ধব কেমন স্বভাবের, রাতে কখন বাড়িতে ফিরছে ইত্যাদি বিষয়ে গভীরভাবে খেয়াল রাখতে হবে।
নওয়াপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মশিউর রহমানের পরিচালনায় সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. ইয়াছিন মোল্যা, মহিলা ভাইস চেয়ারম্যান আছিয়া খানম মৌসুমি, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুর রউফ তালুকদার, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সিদ্দিকুর রহমান, বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম মহিলা কলেজের অধ্যক্ষ শেখ ফাতেমা অনন্যা, উপজেলা একাডেমিক সুপারভাইজার আশরাফুর রহমান, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক সেলিম রেজা ও স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর আজিজুর রহমান তালুকদার প্রমুখ।

আরও পড়ুন
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
নওগাঁয় সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করায় যুবক আটক