
লক্ষ্মীপুর সদর উপজেলার চররুহিতা ইউনিয়ন পরিষদে গত ১৪ বছরেও হয়নি নির্বাচন। পৌরসভার সঙ্গে সীমানা সংক্রান্ত বিরোধে আটকে আছে এই ইউনিয়ন পরিষদের নির্বাচন। কিন্তু পার্শবর্তী কয়েকটি ইউনিয়নে সীমানা বিরোধ থাকলেও ঠিকই নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
সর্বশেষ ৪নং চররুহিতা ইউনিয়ন পরিষদে নির্বাচন হয়েছিল ২০১১ সালের ২৭ জুন। দীর্ঘদিন নির্বাচন না হওয়ায় স্থানীয় জনপ্রতিনিধিরা দায়সারাভাবে দায়িত্ব পালন করছেন বলে অভিযোগ রয়েছে। এ নিয়ে স্থানীয় বাসিন্দাদের মধ্যে দেখা দিয়েছে ক্ষোভ। তারা মনে করছে কোনো অদৃশ্য কালো হাতের বাধায় এই নির্বাচন স্থগিত হয়ে আছে।
জানা যায়, লক্ষ্মীপুর সদর পৌরসভা সম্প্রসারণের লক্ষ্যে চার পাশের ৫টি ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে কিছু অংশ কেটে নতুন তিনটি ওয়ার্ড গঠন করে ২০১৫ সালের ২৫ মে নির্বাচন কমিশন গেজেট প্রকাশ করে। এরপর শুরু হয় নানা জটিলতা। ২০১৬ সালের ২৫ মে বর্ধিত ৩টি ওয়ার্ডসহ মোট ১৫টি ওয়ার্ড নিয়ে লক্ষ্মীপুর পৌরসভা নির্বাচন হয়েছে।
সেই সময় আদালত ইউনিয়ন পরিষদগুলোর সীমানা নির্ধারণ মামলা খারিজ করে দিলেও চররুহিতা ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়নি। পরে ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে সংক্ষুব্ধরা আবারও আদালতে গেলে ২০২১ সালের ১৮ জানুয়ারি তাদের পক্ষে রায় আসে। কিন্তু পৌরসভার আবেদনের পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্ট গেজেট বাতিলের আদেশ স্থগিত করলে নির্বাচন কমিশন ২০২২ সালে পূর্বের সম্প্রসারিত ওয়ার্ডগুলোসহ পৌরসভা নির্বাচন করে থাকে। এরপরও নানা অজুহাতে আটকে আছে চররুহিতা ইউনিয়ন পরিষদের নির্বাচন।
চররুহিতা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান হুমায়ুন কবির পাটোয়ারী বলেন, ‘আমাদের ইউনিয়নের বেশ কয়েকটি ওয়ার্ড থেকে কিছু অংশ অযোক্তিকভাবে লক্ষ্মীপুর পৌরসভায় অন্তর্ভুক্ত করে নির্বাচন কমিশন গেজেট প্রকাশ করে। ওই গেজেটের আলোকেই ২০১৬ সালের ২৫ মে নির্বাচন কমিশন বর্ধিত তিনটি ওয়ার্ডসহ ১৫টি ওয়ার্ডে লক্ষ্মীপুর পৌরসভার নির্বাচন হয়। এর প্রেক্ষিতে চররুহীতা ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে সংক্ষুব্ধরা হাইকোর্টে মামলা করেছে। এই অবস্থায় পৌরসভার গেজেট বাতিলপূর্বক কর্তনকৃত ওয়ার্ডগুলোর অংশ পুনঃরুদ্ধার করে ইউপি নির্বাচনের দাবি জানাচ্ছি।’
স্থানীয় বাসিন্দারা জানান, ইউনিয়ন পরিষদ নির্বাচন না হওয়ায় নাগরিক সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন তারা। এলাকার রাস্তাঘাটসহ বিভিন্ন অবকাঠামো উন্নয়নেও ভাটা পড়েছে। জনপ্রতিনিধিরাও কাজ করছেন দায়সারাভাবে। এলাকার মানুষের খোঁজখবর নেয়ার সময়ও পান না তারা।
লক্ষ্মীপুরের জেলা প্রশাসক বলেন, ‘এ বিষয়ে খোঁজখবর নিয়ে দ্রুততম সময়ের মধ্যে ইউনিয়নে নির্বাচনের ব্যবস্থা করা হবে।’

আরও পড়ুন
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
নওগাঁয় সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করায় যুবক আটক