
শাহজাহান সিরাজ: মাদক কেনাবেচায় বাধা দেয়ায় দরিদ্র কৃষকের কলাগাছ কেটে সাবাড় করেছে দুর্বৃত্তরা। তারা গাইবান্ধার গোবিন্দগঞ্জের কাটামোড় এলাকায় সাহেবগঞ্জ-বাগদাফার্ম ভূমি উদ্ধার কমিটির সদস্য আব্দুর রহিমের বাগানের ৩০টির বেশি কলাগাছ রাতের অন্ধকারে কেটে ফেলেছে। এ ঘটনায় কয়েকজনকে আসামি করে গোবিন্দগঞ্জ থানায় অভিযোগ দেওয়া হয়েছে।
ভুক্তভোগী কৃষক আব্দুর রহিম ও সাহেবগঞ্জ-বাগদাফার্ম ভূমি উদ্ধার কমিটির সভাপতি ফিলিমন বাসকে জানান, কাটামোড় এলাকায় দোকানপাটের পূর্ব পাশে দেড় বিঘা জমির একটি কলাবাগান রয়েছে। ওই কলাবাগানের আড়ালে মাদক কেনাবেচা হতো। হাতের কাছে মাদক পাওয়া যায় বলে এলাকার কিশোর, যুবকরা মাদকাসক্ত হয়ে পড়ছিল। এছাড়া এলাকায় নানা অসামাজিক কাজও বেড়ে যাচ্ছিল। এ অবস্থায় ওই জায়গায় মাদক বিক্রি ও সেবনে বাধা দেন কলা বাগানের মালিক আ. রহিম।
এতে ক্ষিপ্ত হয়ে গত ১৬ মার্চ শনিবার রাতের অন্ধকারে গাছ কেটে তার কলাবাগানের ক্ষতি করা হয়। এ ঘটনায় ওই এলাকার মো. শাহিদ, বাকী মিয়া, নুরুন্নবী মিয়া, মো. বাবু, আশিক মিয়া, আজাদুল হকসহ কয়েকজনকে আসামি করে গোবিন্দগঞ্জ থানায় অভিযোগ দেওয়া হয়েছে।

আরও পড়ুন
বাঘা পৌরসভার প্রকৌশলীর বিরুদ্ধে ঠিকাদারের কাছ থেকে ৪ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ
নওগাঁয় সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত পরিবারে আর্থিক সহযোগিতা প্রদান
দশ মাসের আত্মগোপনের অবসান: র্যাবের অভিযানে ধরা মমিনুল হত্যা মামলার আসামি