
রায়হান আলীঃ উল্লাপাড়ায় প্রধান শিক্ষক শহিদুল ইসলাম এর ঘুষ গ্রহণের ভিডিও ভাইরাল হয়েছে। এরপর রোববার তার স্কুল গয়হাট্টা সালেহা ইসহাক উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীরা এই প্রধান শিক্ষকের বহিষ্কারের দাবিতে ক্লাস বর্জন করে আন্দোলন করেন। আন্দোলনরত ৭ম শ্রেণির শিক্ষার্থী উর্মি খাতুন, ৮ম শ্রেণির নুসরাত খাতুন, ৯ম শ্রেণির আজিজুল এবং রাজিব হোসেন জানান এই প্রধান শিক্ষক ঠিকমতো ক্লাস করেন না, তাদের কাছ থেকে অতিরিক্ত বিভিন্ন টাকা আদায় করেন। এছাড়াও চাকরির নিয়োগের নামে ঘুষ গ্রহণ করেন এজন্য তার বহিষ্কার দাবিতে এই আন্দোলন।
বিদ্যালয়টির অভিভাবক জহুরুল ইসলাম,মুসলি সরকার জানান একজন শিক্ষক যেভাবে নিয়োগের নামে ঘুষ গ্রহণ করেন তার বিচার হওয়া দরকার। ভাইরাল হওয়া সেই ভিডিওতে দেখা যায়, কয়েকজন ব্যক্তি প্রধান শিক্ষককে তার নিজ কক্ষে ঘুষ দিচ্ছেন। প্রথমে ২ লাখ টাকা প্রধান শিক্ষকের হাতে তুলে দেয়ার চেষ্টা করেন। কিন্তু প্রধান শিক্ষক টাকা না নিতে চাইলে একপর্যায়ে ২ লাখ ৪০ হাজার টাকা তার হাতে দিলে তিনি সেটা গ্রহণ করেন।
এই ঘটনার পর বিদ্যালয়টির প্রধান শিক্ষক শহিদুল ইসলাম তার কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন। এ বিষয়ে জানতে চাইলে বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম ঘুষ গ্রহণের বিষয়টি অস্বীকার করে উল্টো বিদ্যালয়ের সভাপতির বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও তাকে মারধরের অভিযোগ করেন।
গয়হাট্টা সালেহা ইসহাক উচ্চ বিদ্যালয়ের সভাপতি আলামিন সরকার জানান ঘুষ গ্রহণের ভিডিও ভাইরাল হওয়ার পর তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে, উপযুক্ত জবাব না পেলে ব্যবস্থা নেওয়া হবে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা সুলতানা জানান অভিযুক্ত শিক্ষক শহিদুল ইসলাম এর বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করা হয়েছে, দোষী প্রমাণ হলে ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন
বন্দরের ২৭ নম্বর ওয়ার্ডে সাবমারসিবল পাম্প উদ্বোধন, জনস্বাস্থ্য সুরক্ষায় নতুন উদ্যোগ
ঠাকুরগাঁওয়ের রুহিয়াতে শিশু বলাৎকারের ঘটনার প্রধান আসামিকে গ্রেফতার করেছে র্যাব
জামালপুরে পৃথক দুই মামলায় ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন