
শাহজাহান সাজু, কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা এখনও না হলেও উপজেলার বিভিন্ন এলাকায় নির্বাচনী আমেজ শুরু হয়েছে পুরোদমে। সম্ভাব্য প্রার্থীরা প্রতিনিয়ত ছুটছেন ভোটারদের দ্বারে দ্বারে। দোয়া প্রার্থণা করে সম্ভাব্য অনেক প্রার্থী পোস্টার, বিলবোর্ড সেটেছেন পাড়া মহল্লার রাস্তার মোড়ে মোড়ে। ভোটারদের আর্শিবাদ নিতেই সকাল সন্ধ্যা ইউনিয়ন থেকে ওয়ার্ডে, বিভিন্ন হাট-বাজার, অলিগলিতে মিলছে সম্ভাব্য প্রার্থীদের পদচারণা। আগাম ভাবেই ভোটারদের নানা প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছেন সম্ভাব্য প্রার্থীরা।
এবার চেয়ারম্যান, ভাইস-চেয়ারম্যান মহিলা ভাইস-চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থীদের মধ্যে বেশ কয়েকজনকে মাঠে ময়দানে দেখা মিলছে। বিগত দিনে এলাকায় কে কি উন্নয়ন করেছেন, জনগণের কল্যাণে কোন কোন প্রার্থী অবদান রেখেছেন। তার হিসাব-নিকেশ কষতে শুরু করেছেন ভোটাররা। এ কারণে কোন প্রার্থীকে নির্বাচিত করলে জনগণের উন্নয়ন হবে, জনগণ উপজেলা পরিষদের নির্বাচিত জনপ্রতিনিধির কাছ থেকে নাগরিক সুবিধা পাবে এসব নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। ভোটারদের ইচ্ছা যোগ্য ব্যক্তিকেই উপজেলা পরিষদের অভিভাবক নির্বাচিত করা হবে। হোসেনপুর উপজেলা পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে রয়েছেন, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের প্রয়াত সভাপতি আইয়ুব আলী চেয়ারম্যানের জ্যেষ্ঠ পুত্র বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ সোহেল এমকম, উপজেলার শাহেদল ইউনিয়ন পরিষদ থেকে চারবারের নির্বাচিত সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব শাহ মাহবুবুল হক, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ হালিম, উপজেলা পরিষদের দুইবারের ভাইস-চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আশরাফ হোসেন কবির, উপজেলা পরিষদের মহিলা ভাইস-চেয়ারম্যান রৌশনারা, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুস্তাফিজুর রহমান মোবারিছ।
এবার দলীয় প্রতীক ছাড়াই উপজেলা পরিষদ নির্বাচন হওয়ার কথা রয়েছে তারই ধারাবাহিকতায় চেয়ারম্যান পদে প্রার্থীর সংখ্যা আরও দুই একজন বাড়ার সম্ভাবনা রয়েছে। সম্ভাব্য ভাইস-চেয়ারম্যান প্রার্থীরা হলেন, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আল আমিন অপু, উপজেলার পুমদী ইউনিয়নের বাসিন্দা টিসিবির ডিলার মোহাম্মদ ফারুক মিয়া, সিদলা ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মো. সফিউদ্দিন সরকার বাচ্চু। সম্ভাব্য মহিলা ভাইস-চেয়ারম্যান প্রার্থীরা হলেন দুইবারের সাবেক মহিলা ভাইস-চেয়ারম্যান সেলিনা সারোয়ার, হোসেনপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল কাদির স্বপনের কনিষ্ঠ কন্যা ছাবিয়া পারভীন জেনি, গত উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস-চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হয়েছিলেন খাইরুন নাহার হ্যাপি তিনি এবারো একই পদে প্রতিদ্বন্দিতা করবেন।
নির্দলীয় প্রতীকে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় ঘোষণায় ভোটারদের মাঝে এবার কৌতুহল তৈরি হয়েছে যে যোগ্য ও পছন্দের প্রার্থীকে ভোট দেয়া নিয়ে। ভোটাররা বলছেন এবারের উপজেলা নির্বাচনে যিনি আমাদের চাওয়া পাওয়াকে প্রাধান্য দিয়ে জনকল্যাণে ভূমিকা রাখবেন তাকেই এবার আমরা চেয়ারম্যান, ভাইস-চেয়ারম্যান, মহিলা ভাইস-চেয়ারম্যান নির্বাচিত করব। সম্ভাব্য প্রার্থীদের মধ্যে যারা চূড়ান্ত প্রার্থী হয়ে নির্বাচনী লড়াইয়ে অবতীর্ণ হবেন তাদের মধ্য থেকেই পছন্দের প্রার্থী বেছে নিবেন এমনটাই ভোটারদের প্রত্যাশা। নির্বাচন কমিশন ঘোষিত প্রথম ধাপে আগামী ৪ মে হোসেনপুর উপজেলা পরিষদ নির্বাচনে ভোট গ্রহণের প্রস্তুতি রয়েছে জানা গেছে।

আরও পড়ুন
সরকারি সহায়তার নামে কোটি টাকার প্রতারণা: চাঁপাইনবাবগঞ্জে ‘মাসকুরা ট্রেডার্স’ এর বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধ
গোপালপুরে বিএনপি’র স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এর বাবা ইন্তেকাল করেছেন
বগুড়ায় ২ বছরের শিশুকে অপহরণ চেষ্টা, প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে হত্যার চেষ্টা