হোম » সারাদেশ » পর্যায়ক্রমে ৫শ ইটভাটা বন্ধের প্রক্রিয়া শুরু করেছি -ফেনীতে পরিবেশ বন ও জলবায়ু মন্ত্রী

পর্যায়ক্রমে ৫শ ইটভাটা বন্ধের প্রক্রিয়া শুরু করেছি -ফেনীতে পরিবেশ বন ও জলবায়ু মন্ত্রী

মোঃ আবদুল মুনাফ পিন্টু : পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরী এমপি বলেছেন ইটভাটা নিয়ে আমাদের ১শ দিনের একটি কর্মসূচী আছে। অবৈধ ইটভাটাগুলোর বিষয়ে আমরা পর্যায়ক্রমে ব্যবস্থা নেব। আমরা প্রাথমিক ভাবে ৫শটি ইটভাটা বন্ধ করে দেবো। এগুলো শুধু বন্ধ নয় যাতে পরবর্তীতে আর চালু না হতে পারে সেই ব্যবস্থা গ্রহন করা হবে। আমাদের পূর্বের অভিজ্ঞতা হচ্ছে আমরা ব্যবস্থা নিয়ে থাকি, ভাটা বন্ধ করি পরবর্তীতে   আবার চালুও করা হয়। তিনি গতকাল সকালে ফেনীর সার্কিট হাউজে গণমাধ্যমকর্মীদের এক প্রশ্নের উত্তরে এসব কথা বলেন। 
এসময় তিনি বলেন, ফেনীর ইটভাটাগুলো নিয়ে আমি যতটুকু জানি যখন ভাটাগুলো স্থাপন করা হয় তখন কোন বসতি আশপাশে ছিলোনা। শিক্ষা প্রতিষ্ঠান ছিলোনা এখন হয়ে গেছে। এসব কারণে ইটভাটাগুলো নবায়ন দেয়া হচ্ছেনা। এমতাবস্থায় আমরা ব্লকের প্যাকেজের দিকে যাচ্ছি। আমরা আশা করবো এখানে যারা ভাটার মালিক রয়েছেন তারা সরকার থেকে প্যাকেজ গ্রহন করে ব্লকের দিকে যাবেন।
তিনি আরোও বলেন, কয়টা ইটভাটা আছে, আমরা কয়টা অভিযান পরিচালনা করলাম এখন আমরা এই আলোচনায় থাকতে চাইনা। আমরা চাইবো সবগুলো ভাটা বন্ধ হয়ে যাক। সবাই আধুনিক পদ্ধতিতে ব্লক তৈরী শুরু করুক। ব্লকের দুইটা সুবিধা আছে একটা হচ্ছে এখানে কোন কৃষি মাটির ব্যবহার হবে না, আরেকটা হচ্ছে ব্লক তৈরীতে কোন বায়ু দূষণ হয় না।
নদী দখল ও দূষণের বিষয়ে অপর প্রশ্নের উত্তরে মন্ত্রী বলেন, সরকার জলদার রক্ষায় ডিজিটাল ম্যাপিং করছে। এর মাধ্যমে আমাদের সবগুলো নদী, জমি, খাল ও জলদার সম্পর্কে সুনিশ্চিত হতে পারবো। এরপর এর মনিটরিংটা আমরা ভালোভাবে করতে পারবো। দূষণের বিষয়ে আমরা কাজ করছি। কোন স্থানে কি পরিমাণ বর্জ্য তৈরী হয় আমাদের পৌরসভার সক্ষমতা কি? এসব বিবেচনা করে আমরা বর্জ্য রিসাইকিলিংয়ের ব্যবস্থাপনা করে যাচ্ছি। এসব বিষয় নিয়ে আমরা শুধু সমস্যার কথা বলতে চাইনা। সমাধানে কাজ করতে চাই।
এ সময় বন বিভাগের পরিচালক (ভূমি পরিমাপ) আনিস মাহমুদ, ফেনী জেলা প্রশাসক মুছাম্মৎ শাহীনা আক্তার, অতিরিক্ত পুলিশ সুপার দীন মোহাম্মদ, সামাজিক বন বিভাগের বিভাগীয় কর্মকর্তা মোহাম্মদ রুহুল আমিন, পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক শওকত আরা কলিসহ বিভিন্ন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এসময় ফেনী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী এমপি ও ফেনী পৌর মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানান।
পরে তিনি দাগনভূঞা উপজেলা রামনগর ইউনিয়ন চৌধুরি বাড়ি (নিজ বাড়িতে) পারিবারিক কবরস্থানে বাবা- মা ,আত্মীয় স্বজনদের আতœার মাগফিরাত কামনায় দোয়া ও মুনাজাতে অংশগ্রহণ করেন। মন্ত্রীর আগমনে দাগনভূঞা উপজেলা পরিষদ চেয়ারম্যান দিদারুল কবির রতন, নির্বাহি কর্মকর্তা নিবেদিতা, এসিল্যান্ড মেহেরাজ শারবীন, আওয়ামী অঙ্গসংগঠনের নেতাকর্মী, দৈনিক যায়যায়দিন দাগনভূঞা প্রতিনিধি মোয়াজ্জেম হোসেন মালদার,  ব্রিকফ্লিড এ্যাসোসিয়েশন, দাগনভূঞা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক ও দৈনিক গণমানুষের আওয়াজর দাগনভূঞা প্রতিনিধি আবদুল মুনাফ পিন্টু, প্রেসক্লাব ও  বিভিন্ন শ্রেণী পেশার লোকজন, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশীগন ফুলেল শুভেচ্ছায় সিক্ত করেন মন্ত্রীকে। দাগনভূঞা উপজেলায় বিভিন্ন উন্নয়ন কর্মকান্ডে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন তিনি।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!