
কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের রামুতে বড় ভাইকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে ছোট ভাইয়ের বিরুদ্ধে। এঘটনায় ছোট ভাই পালিয়ে গেলেও তার স্ত্রীকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (৫ জানুয়ারি) সকাল ৯টার দিকে রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের কম্বনিয়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আয়ুব আলী (২৫) ওই এলাকার মৃত বশির আহমদের ছেলে। তার আপন ছোট ভাই মো. ইয়াছিন। দুজনই পেশায় পশু চিকিৎসক।
খুনিয়াপালং ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য মো. আব্দুল্লাহ বিদ্যুৎ বিষয়টি নিশ্চিত করে জানান, নিহত আয়ুব আলীর সঙ্গে ছোট ভাই মো. ইয়াছিনসহ তার মায়ের সঙ্গে সম্পত্তি সংক্রান্ত দীর্ঘদিনের বিরোধ চলে আসছিল। তার (আয়ুব আলী) মাসহ আপন ছোট ভাই নিহত আয়ুব আলীর বিরুদ্ধে একটি মামলা দয়ের করেছিলেন। এ ঘটনার জের ধরে এ হত্যাকাণ্ড ঘটে।
রামু থানার ওসি আবু তাহের দেওয়ান জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় ইয়াছিন পালিয়ে গেলেও তার স্ত্রীকে আটক করা হয়েছে এবং খুনি ইয়াছিনকে আটকের জন্য অভিযান চলমান রয়েছে বলে জানান তিনি।

আরও পড়ুন
ডিমলায় একদিনে পাঁচ খাতে সরকারি সহায়তা বিতরণের উদ্বোধন করলেন সংসদ সদস্য
নেসকোর প্রধান কার্যালয় বগুড়ায় স্থানান্তরের দাবিতে মানববন্ধন
ধুনটে ১০ পিস ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেপ্তার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা